ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে দেশজুড়ে আদালতসহ একাধিক সরকারি প্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি ই-মেল ঘিরে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছিল। কখনও আদালত, কখনও ডাকঘর, কখনও পাসপোর্ট অফিস কিংবা স্কুল—একাধিক জায়গায় বোমা থাকার হুমকিতে চাঞ্চল্য ছড়ায়। যদিও পরবর্তীতে তদন্তে জানা যায়, সবকটি হুমকিই ছিল ভুয়ো।
এই ঘটনায় অবশেষে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কর্ণাটকের মহীশূর থেকে শ্রীনিবাস ওরফে শ্রীনিবাস লুইস (৪৭) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তার বিরুদ্ধে দেশজুড়ে প্রায় ১,১০০টি ভুয়ো বোমা হামলার হুমকি ই-মেল পাঠানোর অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহীশূরের বৃন্দাবন লেআউট এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি ল্যাপটপ এবং একাধিক সিম কার্ড উদ্ধার হয়েছে।

তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত উচ্চশিক্ষিত এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী হলেও বর্তমানে বেকার। তিনি তার অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা মায়ের সঙ্গে বসবাস করতেন। দীর্ঘদিন কর্মহীনতার কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে প্রাথমিকভাবে মনে করছে তদন্তকারীরা।

এই ভুয়ো ই-মেলগুলির মাধ্যমে দিল্লি আদালতসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ। এই ঘটনায় দিল্লির সিইএন থানায় মামলা দায়ের হয়, যার ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। শেষমেশ সেই তদন্তের সূত্র ধরেই গ্রেপ্তার করা হল অভিযুক্তকে।