২০২৪ সালের ভয়াবহ ভূমিধসের স্মৃতি এখনও তাজা। তার মধ্যেই ফের বিপর্যয়ের মুখে কেরলের ওয়ানড়। মঙ্গলবার জেলার কাল্লাডি এলাকায় নির্মীয়মাণ একটি ভূগর্ভস্থ টানেলে কাজ চলাকালীন ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে অন্তত দু'জনের মৃত্যুর খবর মিলেছে।

এখনও বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে, কাল্লাডির মীনাক্ষী সেতুর কাছে মালাপ্পুরম ও ওয়ানড় জেলাকে সংযুক্ত করতে একটি টানেল নির্মাণের কাজ চলছিল। কাজের সুবিধার জন্য বেশ কয়েকজন শ্রমিক টানেলের ভেতরেই অবস্থান করছিলেন। আচমকাই ধস নামলে টানেলের একাংশ ভেঙে পড়ে এবং শ্রমিকেরা আটকে যান।

স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় কয়েকজনকে উদ্ধার করা হলেও পরে উদ্ধারকাজে নামে দমকল, পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধসে শ্রমিকদের যাতায়াতের জন্য ব্যবহৃত একাধিক যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার খবর পেয়েই মুখ্যমন্ত্রী সতীশন জরুরি বৈঠক করেন এবং জেলা প্রশাসনকে উদ্ধারকাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন।

মন্ত্রী এপি অনিল কুমার ও টি সিদ্দিকিকে উদ্ধার অভিযানের সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

কৃষিমন্ত্রী টি সিদ্দিকি দাবি করেছেন, এটি প্রাকৃতিক নয়, বরং মানবসৃষ্ট দুর্ঘটনা। তাঁর অভিযোগ, স্থানীয় জেলা প্রশাসন আগেই কোঙ্কণ রেল কর্তৃপক্ষকে সম্ভাব্য ভূমিধসের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছিল। প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছিল। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করায় এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

উদ্ধার অভিযান এখনও চলছে। ধ্বংসস্তূপের নিচে আরও শ্রমিক আটকে থাকার আশঙ্কায় গোটা এলাকায় চরম উৎকণ্ঠার পরিবেশ তৈরি হয়েছে।