তারাতলা নির্মীয়মাণ গোডাউন ধসের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস পুনর্ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এক অনুষ্ঠানে নিহতদের পরিবারের হাতে ১০ লক্ষ টাকা এবং আহতদের হাতে ১ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, আহতদের সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে। পাশাপাশি নিহতদের পরিবারের একজন সদস্যকে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করার চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, গত ২৪ জুন দুপুরে তারাতলায় একটি নির্মীয়মাণ গোডাউন হঠাৎ ভেঙে পড়ে।
মঙ্গলবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলার সময় এক নিহত শ্রমিকের স্ত্রী চাকরির আবেদন জানান। তার জবাবে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে এবং পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালকে বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা পুরসভায় কোথায় কাজের সুযোগ রয়েছে তা খতিয়ে দেখে সাত থেকে দশ দিনের মধ্যে জানাবেন। তবে চাকরির ক্ষেত্রে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতাও বিবেচনায় নেওয়া হবে বলে তিনি জানান।
এছাড়া মুখ্যমন্ত্রী জানান, নিহতদের পরিবারকে মাসিক আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিও সরকার বিবেচনা করছে। পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তানদের পড়াশোনার দায়িত্বও রাজ্য সরকার বহন করবে বলে আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠান থেকেই স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কে আহতদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।