পুবের কলম, ওয়েবডেস্ক: বর্তমান সিবিআই প্রধান প্রবীণ সুদের কার্যকালের মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি করল কেন্দ্রের মোদি সরকার। বুধবার কেন্দ্রীয় পার্সোনেল মন্ত্রকের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার মেয়াদ বৃদ্ধি পেল সুদের।
আরও পড়ুন:
পার্সোনেল মন্ত্রকের আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ‘অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ দ্য ক্যাবিনেট’ (ACC) নির্বাচক কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী ২৪ মে, ২০২৬-এ তাঁর বর্তমান মেয়াদের অবসান হওয়ার কথা ছিল।
নতুন নির্দেশিকা অনুযায়ী, এরপর আরও এক বছর অর্থাৎ ২০২৭ সালের মে মাস পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন। প্রসঙ্গত, ২০২৩ সালের ২৫ মে প্রবীণ সুদ দুই বছরের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। গত বছর তাঁর মেয়াদ প্রথম দফায় এক বছর বাড়ানো হয়েছিল।আরও পড়ুন:
মঙ্গলবারই সিবিআই প্রধান নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচক কমিটির সেই বৈঠকে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি।
সূত্রের খবর, প্রবীণ সুদের মেয়াদ বৃদ্ধি বা পরবর্তী অধিকর্তা নিয়োগের এই পুরো প্রক্রিয়া নিয়েই তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিরোধী দলনেতা। বৈঠকের পরই রাহুল গান্ধি একটি কড়া ‘ডিসেন্ট নোট’ বা ভিন্নমত পোষণকারী চিঠি জমা দেন। তিনি অভিযোগ করেন, সরকার এই নির্বাচন প্রক্রিয়াকে কেবল একটি আনুষ্ঠানিকতায় নামিয়ে এনেছে। প্রার্থীদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য গোপন করে সরকার আগে থেকেই নিজেদের সিদ্ধান্ত চূড়ান্ত করে রেখেছে। তিনি স্পষ্ট জানান, এই ধরণের ‘পক্ষপাতদুষ্ট’ প্রক্রিয়ার অংশ হয়ে তিনি নিজেকে স্রেফ একটি ‘রবার স্ট্যাম্প’ হিসেবে তুলে ধরতে চান না। এদিকে রাহুল গান্ধির এই প্রবল আপত্তির তোয়াক্কা না করেই বুধবার প্রবীণ সুদের মেয়াদ বাড়ানোর পথে হাঁটল মোদি সরকার।