পুবের কলম ওয়েবডেস্ক: মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ বিশিষ্ট সমাজসেবী, একাধারে চিকিৎসক এবং জামাআতে ইসলামী হিন্দের জেলা বিভাগীয় সম্পাদক তথা রামপুরহাট ইউনিটের প্রেসিডেন্ট ডাক্তার আমিন আহমেদ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...)।
আরও পড়ুন:
দীর্ঘদিন হার্টের অসুখে ভুগছিলেন তিনি। মরহুম আমিন আহমেদ সাহেব রেখে গেলেন স্ত্রী আবিদা বেওয়া, বড় ছেলে আবিদ আহমেদ, ছোট ছেলে মুহাম্মদ খালিদ এবং একমাত্র মেয়ে সুফিয়া জামিলাকে। আমিন সাহেবের আদি বাড়ি রামপুরহাটের কাছে শেরপুর হলেও বর্তমানে তিনি রামপুরহাট ভাঁড়শালা পাড়ায় বাস করছিলেন।
আরও পড়ুন:
একজন হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে তাঁর বাড়িতেই চেম্বার করতেন।
পেশার পাশাপাশি মানুষের সেবা করার ব্রত নিয়েছিলেন ডা. আমিন। প্রায় দীর্ঘ কুড়ি বছর তিনি জেলা জামাআতের সংগঠনের দায়িত্ব সামলেছেন। অতিমারি-সহ বিভিন্ন সময়ে তিনি সংগঠনের তরফে সকলকে নিয়ে সমাজসেবার কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। রক্তদান শিবির, থ্যালাসেমিয়া রোগীদের জন্য ক্যাম্প, দুস্থ পরিবারের মেয়েদের গণবিবাহ অনুষ্ঠান, পুনর্বাসন ইত্যাদি বহু জনকল্যাণমূলক কাজের সঙ্গে তিনি জড়িত ছিলেন।আরও পড়ুন:
এসবের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল করোনাকালে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ।
সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে তিনি বিভিন্ন ধর্মের মানুষদের এক ছাতার তলায় এনে সেমিনারের আয়োজন করেন। তাঁর মতো ধর্মপ্রাণ মানুষের ইন্তেকালে সমাজের ক্ষতি হল বলে মনে করেন অনেকেই।আরও পড়ুন:
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তথা ‘পুবের কলম’-এর সম্পাদক ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরান ডা. আমিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, রামপুরহাটের ডা. আমিন আহমেদ আমার বন্ধু ছিলেন। তিনি ছিলেন মানুষের কল্যাণ ও সমাজসেবায় নিবেদিত প্রাণ। তাঁর চলে যাওয়াটা অবশ্যই এক বিরাট ক্ষতি। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ’র কাছে ডা. আমিনের রূহের মাগফেরাত প্রার্থনা করছি।