পুবের কলম প্রতিবেদক: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন সঙ্গ দিচ্ছে আবহাওয়া। ভোটের দিন উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে দু'এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে অনেকটাই কম থাকবে।
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু'এক জায়গায় খুব হালকা বৃষ্টি। আর্দ্রতাজনিত অস্বস্তি হতে পারে। গণনার দিন, ১১ জুলাই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।আরও পড়ুন:
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে।
আংশিক মেঘলা আকাশ থাকবে জেলাগুলিতে। হালকা মাঝারি বৃষ্টি চলবে কোথাও কোথাও। তাপমাত্রা কিছুটা কমলেও বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। একইভাবে, শনি-রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও সংলগ্ন জেলাগুলিতে। ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। এরমধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে বেশি বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির পরিমাণ কমবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।আরও পড়ুন:
প্রসঙ্গত, মৌসুমী অক্ষরেখা বিকানির আজমীর গুনা, জবলপুর, রায়পুর ও গোপালপুরের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশ, উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায়। একটি অফসোর অক্ষরেখা রয়েছে গুজরাট থেকে কেরালা পর্যন্ত।