পুবের কলম, ওয়েবডেস্ক: জাতীয় সঙ্গীত চলাকালীন বিহারের মুখ্যমন্ত্রীর হাসি-ঠাট্টার ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে। দেশের জাতীয় সঙ্গীতকে অপমান করেছেন নীতীশ কুমার বলেও অভিযোগ তুলেছেন অনেকেই। এবার বিহারের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। সামাজিক মাধ্যমে এক ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, "নীতীশ প্রতিদিন যুবক, ছাত্র, মহিলা এবং বয়স্কদের অপমান করেন। কখনও মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে হাততালি দিয়ে তাঁর মৃত্যু নিয়ে মজা করেন।

আর এবার জাতীয় সঙ্গীতকেও নিয়ে।" মুখ্যমন্ত্রীকে সতর্ক করে তেজস্বীর বার্তা, "আপনাকে মনে করিয়ে দিই, আপনি এক বিরাট রাজ্যের মুখ্যমন্ত্রী। কয়েক সেকেন্ডের জন্যও আপনি শারীরিক ও মানসিক ভাবে সুস্থির থাকতে পারেন না। এমন অচেতন অবস্থায় আপনার এই পদে থাকাটা খুবই চিন্তাজনক বিষয়। বিহারকে এভাবে অপমান করবেন না।
"

উল্লেখ্য, বৃহস্পতিবার পাটনায় সেপাক তাক্র বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত চলাকালীন নীতীশ তাঁর পাশে দাঁড়িয়ে থাকা অফিসারের সঙ্গে কথা বলতে শুরু করেন। আধিকারিকরা তাঁকে বাধা দেন, তারপর মুখ্যমন্ত্রী হেসে হাত জোড় করেন। এদিন তেজস্বী যাদব মুখ্যমন্ত্রীকে বার্তা দিয়ে বলেন, 'মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, দয়া করে অন্তত জাতীয় সঙ্গীতের অপমান করবেন না।'