পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার সপ্তাহের শুরুতেই সাতসকালে সক্রিয় হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। রাজ্যে বেআইনি কল সেন্টারের মাধ্যমে আর্থিক প্রতারণা ও অর্থ তছরূপের অভিযোগের তদন্তে পশ্চিমবঙ্গ জুড়ে একযোগে ১০টি স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
ইডি সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে শিলিগুড়ি, হাওড়া, বিধাননগর এবং দুর্গাপুরের একাধিক জায়গায় অভিযান শুরু হয়েছে। মূলত আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের আওতায় এই তল্লাশি চালানো হচ্ছে।
দীর্ঘদিন ধরেই রাজ্যে বিভিন্ন জায়গায় ‘ভুয়ো’ বা ‘বেআইনি’ কল সেন্টার খুলে সাধারণ মানুষকে ঠকানোর অভিযোগ আসছিল। বিশেষ করে বিদেশের নাগরিকদের কারিগরি সহায়তা দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার একটি বড় চক্র সক্রিয় বলে মনে করছেন গোয়েন্দারা। আজকের এই তল্লাশিতে সুরশ্রী কর, সম্রাট ঘোষ ও শুভজিৎ চক্রবর্তী নামে কয়েকজনের নাম উঠে আসছে, যাঁদের ঠিকানায় কেন্দ্রীয় তদন্তকারীরা হানা দিয়েছেন।