পুবের কলম, ওয়েবডেস্ক: ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত অন্তর্বর্তী বাণিজ্য চুক্তিকে দেশের স্বার্থবিরোধী এবং "সারেন্ডার" (আত্মসমর্পণ) বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার সংসদ ভবন চত্বরে তীব্র প্রতিবাদ জানাল বিরোধী জোট ইন্ডিয়া। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাসহ বিরোধী সাংসদরা এই চুক্তির বিরোধিতা করে সংসদের মকর দ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভকারী সাংসদদের হাতে ছিল একটি বিশাল ব্যানার, যেখানে এই চুক্তিকে "ফাঁদ চুক্তি" বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও, "নরেন্দ্র সারেন্ডার" লেখা পোস্টার হাতে সাংসদরা "ইউএস ডিল হ্যায় অত্যাচারী" (মার্কিন চুক্তি অত্যাচারী) এবং "দেশ কো বেচনা বন্ধ করো" (দেশ বিক্রি বন্ধ করো) স্লোগান তোলেন।

বিক্ষোভে অংশ নেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল ও জয়রাম রমেশ, ডিএমকের টি আর বালু, সমাজবাদী পার্টির ধর্মেন্দ্র যাদব ও জয়া বচ্চন, এবং সিপিআই-এমএল-এর সুদামা প্রসাদসহ অন্যান্য বিরোধী দলের নেতারা।