মনরেগা প্রকল্পের নাম পরিবর্তনের প্রস্তাব ঘিরে মোদি সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুটি বিষয় একেবারেই সহ্য করতে পারেন না মহাত্মা গান্ধীর আদর্শ এবং গরিব মানুষের অধিকার। মঙ্গলবার লোকসভায় একটি বিল পেশ করা হয়েছে, যেখানে মনরেগা প্রকল্পের নাম বদলে ‘বিকশিত ভারত–জি রাম জি যোজনা’ করার প্রস্তাব রয়েছে। এতদিন এই প্রকল্পে মহাত্মা গান্ধীর নাম যুক্ত ছিল।

এই সিদ্ধান্তের বিরোধিতা করে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মনরেগা শুধু একটি প্রকল্প নয়, এটি মহাত্মা গান্ধীর গ্রাম-স্বরাজের ভাবনার বাস্তব রূপ। এই প্রকল্পের মাধ্যমে কোটি কোটি গ্রামীণ মানুষ কাজ ও আয়ের সুযোগ পেয়েছেন। কোভিড মহামারির সময় মনরেগাই বহু গরিব পরিবারের একমাত্র ভরসা ছিল। রাহুলের অভিযোগ, গত দশ বছর ধরে মোদি সরকার মনরেগাকে দুর্বল করার চেষ্টা করছে।

এবার নাম বদলে প্রকল্পের মূল চরিত্রই বদলে দেওয়া হচ্ছে। তিনি জানান, মনরেগার মূল নীতি ছিল কাজ চাইলে কাজের নিশ্চয়তা, গ্রামের মানুষ নিজেরাই উন্নয়নের কাজ ঠিক করবে এবং মজুরির পুরো টাকা দেবে কেন্দ্র সরকার। কিন্তু নতুন বিলে সব ক্ষমতা কেন্দ্রের হাতে নেওয়া হচ্ছে বলে দাবি রাহুল গান্ধীর। রাজ্যগুলিকে বেশি খরচ বহন করতে হবে এবং অনেক সময় কাজ বন্ধ থাকার আশঙ্কা রয়েছে। তাঁর মতে, এই বিল গরিব মানুষের রুজি-রুটির উপর আঘাত। কংগ্রেস এই জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ চালাবে বলে জানিয়েছে।