পুবের কলম ওয়েবডেস্ক: হিন্দি আগ্রাসনের প্রতিবাদে যৌথ কর্মসূচি ঘোষণা করলেন ঠাকরেরা দুই ভাই। রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে বলেছেন, মহারাষ্ট্রের স্বার্থে একসঙ্গে কাজ করতে বিশেষ আপত্তি তাঁদের নেই। হিন্দি আগ্রাসন নিয়ে বিবাদ ভুলে একজোট রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে।

উল্লেখ্য, ফড়ণবিসের প্রস্তাবিত ত্রিভাষা নীতি চালুর কথা ঘোষণা নিয়ে ফুঁসে ওঠেন দুই ভাই।

পরে চাপে পড়ে মুখ্যমন্ত্রী ফড়ণবিস সেই সিদ্ধান্ত প্রত্যাহারও করে নিয়েছেন। তবে তাতে প্রতিবাদ থামাননি ঠাকরেরা। এবার যৌথভাবে বড়সড় রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা করলেন রাজ এবং উদ্ধব।

কিছুদিন আগেই মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়ণবিসের সরকার সে রাজ্যে কেন্দ্রের প্রস্তাবিত ত্রিভাষা নীতি চালুর কথা ঘোষণা করে।
তাতে তৃতীয় ভাষা হিসাবে শেখানো হবে হিন্দি। বিজেপি সরকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার একযোগে লড়াইয়ে নামছে রাজ-উদ্ধব। শিব সেনার উদ্ধব শিবিরের মুখপাত্র সঞ্জয় রাউত ঘোষণা করেছেন, হিন্দি আগ্রাসনের প্রতিবাদে এবার ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামছেন উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে।

জানা গিয়েছে, মহারাষ্ট্রের স্কুলে বাধ্যতামুলকভাবে হিন্দি শেখানোর প্রতিবাদে এমএনএস এবং শিব সেনা উদ্ধব যৌথ কর্মসূচি নিতে চলেছে। আগামী ৫ জুলাই এমএনএসের এবং ৭ জুলাই উদ্ধব সেনার পৃথক কর্মসূচি রয়েছে ওই একই ইস্যুতে। মনে করা হচ্ছে, দুই শিবির এবার ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামবে।