পুবের কলম, ওয়েবডেস্ক:  দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই রামলালার প্রতিষ্ঠা হল। গর্ভগৃহে রামলালার আরতি করলেন প্রধানমন্ত্রী। গর্ভগৃহে রয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। প্রাণ প্রতিষ্ঠার লাইভ সম্প্রচারে বাধা নয়, তামিলনাড়ু সরকাকে নির্দেশ সুপ্রিম কোর্টের।

গোটা অযোধ্যা জুড়ে কড়া নিরাপত্তা। সোমবার চূড়ান্ত আচার ও রীতিনীতি পালন করে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেন তিনি।

একেবারে ঘড়ির কাঁটা ধরে সোমবার বেলা ১২ টা ৫ মিনিটে রামমন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুজো দেওয়ার সময় যেমন ডালা থাকে, সেরকমই একটি ডালা ছিল প্রধানমন্ত্রীর হাতে। তারপর তিনি মন্দিরের ভিতরে ঢুকে যান। সেখানে পুরোহিতের হাতে ডালা তুলে দেন। তারপর তাঁকে ‘তিলক’ পরিয়ে দেওয়া হয়। হাতজোড় করে পুজো-অর্চনা শুরু করেন। মন্ত্রপাঠ হতে থাকে। ছেটানো হয় শান্তিজল। সংকল্প করেন। ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।