আবারও আংশিকভাবে বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। আগামী রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত মোট আট ঘণ্টা সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। সেতুর রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, এই সময় বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হবে। এজেসি বোস রোড হয়ে জিরাট আইল্যান্ড থেকে বিদ্যাসাগর সেতুমুখী গাড়িগুলিকে টার্ফ ভিউ হয়ে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে।

একইভাবে কেপি রোড, সিজিআর রোড ও খিদিরপুর দিক থেকেও যানবাহনকে বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হবে।

যারা কেপি রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে যাচ্ছেন, তাঁদের রেড রোড ব্যবহার করে হাওড়া ব্রিজের দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে রবিবার সকাল থেকে কলকাতা ও হাওড়া সংযোগকারী বিভিন্ন রাস্তায় যানজটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বিদ্যাসাগর সেতু কলকাতা ও হাওড়া-সাঁতরাগাছির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। পাশাপাশি রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্ন-এর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও এই সেতুর গুরুত্ব অপরিসীম।

প্রতিদিন হাজার হাজার ছোট-বড় যানবাহন এই সেতুর উপর দিয়ে চলাচল করে।
বর্তমানে ৮২৩ মিটার দীর্ঘ এই কেবল-স্টেড সেতুটি ২৭ বছরে পা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ব্যবহারের ফলে সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল, ডেক স্ল্যাব ও এক্সপ্যানশন জয়েন্টের মতো গুরুত্বপূর্ণ অংশগুলির আয়ু প্রায় শেষের দিকে। তাই ভবিষ্যতের ঝুঁকি এড়াতে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করেছে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (HRBC)।
সেতু বিশেষজ্ঞদের দাবি, কোনও সেতু টানা ২৫ বছরের বেশি ব্যবহৃত হলে নিয়মিত সংস্কার অত্যন্ত প্রয়োজনীয়। তা না হলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। সেই কারণেই বিদ্যাসাগর সেতুর মোট ১৫০টি স্টে কেবলের পর্যায়ক্রমে বদল ও আধুনিকীকরণের কাজ চলছে বলে জানা গিয়েছে।