পুবের কলম,ওয়েবডেস্কঃ তিস্তা শেতলাবাদকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। আগামী এক সপ্তাহ তিস্তাকে গ্রেফতার করা যাবে না। এর আগে গুজরাত হাই কোর্ট অবশ্য অবিলম্বে তিস্তাকে  আত্মসমর্পণ করতে বলেছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিস্তা।

সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, তিস্তার আত্মসমর্পণের এত তাড়াহুড়ো কেন?
বিচার বিভাগীয় হেফাজত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত রয়েছেন তিস্তা। সুপ্রিম  বিচারপতিদের পর্যবেক্ষণ, ‘গুজরাত হাই কোর্ট যা করছে, তাতে আমরা অবাক।’

সুপ্রিম কোর্টে তিস্তার আবেদনের শুনানি হয় বিচারপতি বিআর গাবাই, বিচারপতি এএস বোপন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে। বেঞ্চ আবেদনটি পর প্রশ্ন করে, ‘‘যদি অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়া হয় তাহলে কি আকাশ ভেঙে পড়বে! হাই কোর্ট যা করেছে আমরা তা দেখে অবাক হচ্ছি।
এত তাড়াহুড়োর কী আছে?’’ এর পরেই গুজরাত হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টই তিস্তাকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল। এরপর সম্প্রতি  তিস্তা গুজরাত হাই কোর্টের দ্বারস্থ হয়ে স্বাভাবিক জামিনের আবেদন করেন। তবে শনিবার সেই আবদেন খারিজ করে দেয় উচ্চ আদালত। উলটে তিস্তাকে অবিলম্বে আত্মসমর্পণ করতে বলে আদালত। এরপরই গুজরাত হাই কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিস্তা।