মক্কা, ১১ মে: সউদি আরবের একটি কোম্পানি জানিয়েছে, আসন্ন হজ মৌসুমে হাজিদের মধ্যে তারা আব-এ-জমজমের ৪ কোটি বোতল বিতরণের পরিকল্পনা হাতে নিয়েছে। আল জামেজিমাহ নামের ওই কোম্পানির বোর্ড মেম্বার ইয়াসের বলেছেন, এ বছর প্রত্যেক হাজির জন্য ২২ বোতল পানি বরাদ্দ করা হয়েছে। তিনি জানিয়েছেন, হাজিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সেগুলো দেওয়ার জন্য একটি ডিজিটাল পদ্ধতি উদ্ভাবন করেছেন তারা। যার মধ্যে রয়েছে একটি বারকোড সেবা। যেটি বোতলের ওপর প্রদর্শিত থাকবে।

এটির মাধ্যমে পানির অর্ডার এবং সেগুলো সরবরাহ করা হবে। হাজিদের মধ্যে এসব পানির বোতল যেন সুষ্ঠুভাবে বিতরণ করা যায় সেজন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়াসহ বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। এই কর্মকর্তা জানান, তাদের মূল কার্যক্রম হবে মক্কা শহরের কেন্দ্রীয় অঞ্চল এবং মক্কার প্রবেশ ও বের হওয়ার পয়েন্টগুলোতে। জমজমের পানি বিদেশি হাজিদের কাছে বেশি জনপ্রিয়। কারণ তারা এগুলো নিজ দেশে নিয়ে গিয়ে আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবদের উপহার হিসেবে দিয়ে থাকেন।
এ বছর হজ করার জন্য ইতিমধ্যে মুসল্লিরা সউদি পৌঁছেছেন। চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ হতে পারে আগামী ১৪ জুন। ধারণা করা হচ্ছে, এ বছর হজ করবেন ২০ লক্ষেরও বেশি মানুষ। গত বছর হজ করেছিলেন ১৮ লক্ষ মুসল্লি। আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক মুসল্লির জীবনে অন্তত একবার হজ করা ফরজ বা বাধ্যতামূলক।