ইউরোপে পৌঁছানোর আশায় বিপজ্জনক সমুদ্রপথে যাত্রা করতে গিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় অন্তত ৫০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি। মাল্টার সশস্ত্র বাহিনীর তথ্য অনুযায়ী, শুক্রবার তিউনিসিয়ার উপকূলের কাছে একটি কার্গো জাহাজ একজন পুরুষ অভিবাসীকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য মাল্টায় নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া ওই ব্যক্তির বয়ান থেকেই নৌকাডুবির ভয়াবহ চিত্র উঠে এসেছে।

স্বাধীন অভিবাসী সহায়তা সংস্থা ‘অ্যালার্ম ফোন’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছে, উদ্ধারপ্রাপ্ত ব্যক্তির বক্তব্য অনুযায়ী নৌকায় থাকা প্রায় ৫০ জন আর বাঁচতে পারেননি। তারা তিউনিসিয়া থেকে যাত্রা শুরু করেছিলেন এবং প্রায় ২৪ ঘণ্টা ধরে উত্তাল সমুদ্রে ভাসতে থাকেন। এর আগেও গত সপ্তাহে তিউনিসিয়া উপকূল থেকে যাত্রা করা অন্তত তিনটি নৌকায় থাকা প্রায় ১৫০ জন অভিবাসী নিখোঁজ হওয়ার খবর দিয়েছিল অ্যালার্ম ফোন। তবে সর্বশেষ এই দুর্ঘটনার সঙ্গে ওই নিখোঁজ নৌকাগুলোর সরাসরি যোগসূত্র আছে কি না, তা এখনও নিশ্চিত করা যায়নি। ভূমধ্যসাগরে অভিবাসীদের মৃত্যুর এই ঘটনা আবারও অবৈধ অভিবাসন পথের ভয়াবহ ঝুঁকির বিষয়টি সামনে নিয়ে এলো।