এসআইআর (SIR) প্রক্রিয়ার আওতায় ‘বিবেচনাধীন’ থাকা ভোটারদের দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ করল ভারতের নির্বাচন কমিশন। তবে এই তালিকায় কতজনের নাম চূড়ান্তভাবে যুক্ত হল বা কতজন বাদ পড়লেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য সামনে আনেনি কমিশন।
সিইও দপ্তরের তথ্য অনুযায়ী, প্রায় পাঁচ ঘণ্টার দীর্ঘ প্রক্রিয়ার পর শুক্রবার গভীর রাতে এই তালিকা প্রকাশ করা হয়। এর আগে ২৩ মার্চ মধ্যরাতের মুখে প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশিত হয়েছিল।


নিবিড় সংশোধন শুরুর আগে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। খসড়া তালিকা প্রকাশের সময়ই প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম বাদ পড়ে। পরে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম দফার চূড়ান্ত তালিকায় আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জন বাদ যাওয়ায় মোট বাদ পড়া ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২।
তালিকায় স্বচ্ছতা আনতে প্রায় ১ কোটি ৫২ লক্ষ ভোটারকে শুনানির জন্য চিহ্নিত করা হয়।
এর মধ্যে ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬ জন ‘নো-ম্যাপিং’ ভোটার—যাঁদের তথ্য ২০০২ সালের রেকর্ডের সঙ্গে মেলেনি। পাশাপাশি প্রায় ১ কোটি ২০ লক্ষ ভোটারের তথ্যে লজিক্যাল অসঙ্গতি ধরা পড়ে। মোট ১ কোটি ৪২ লক্ষ ভোটারের শুনানি শেষে প্রায় ৮২ লক্ষ জনের নথি বৈধ বলে গৃহীত হয়।
প্রথম দফার চূড়ান্ত তালিকা অনুযায়ী রাজ্যের মোট ভোটার সংখ্যা দাঁড়ায় ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। এরপর প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় ৩২ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে বলে জানা যায়। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে সূত্রের খবর, যা গোটা প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।