পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্যে পালা বদলের পরেই আটকে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ শুরু হয়েছে গত সপ্তাহে। এবার দ্বিতীয় দফার কাজ শুরু করল মেট্রো। মেট্রো সুত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার রাত ৮ টা থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত এই কাজ চলবে। এরজন্য যান নিয়ন্ত্রণ করবে ট্রাফিক পুলিশ। এনিয়ে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

চিংড়িঘাটা মেট্রোই প্রথম পর্যায়ে কাজ হয়েছিল গত শুক্রবার।

জানা যাচ্ছে। প্রথম দফায় ৩১৭ থেকে ৩১৮ নম্বর পিলারে গার্ডার বসানো হয়েছে। এবার দ্বিতীয় পর্যায়ে কাজ হবে ৩১৮ নম্বর পিলার থেকে ৩১৯ নম্বর পিলার জুড়ে। এই কাজের জন্য বেশকিছু রাস্তায় যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে ট্রাফিক পুলিশ। আজ রাত থেকেই শুরু হয়ে যাবে যান নিয়ন্ত্রণ। 

ট্রাফিক পুলিশ সুত্রে জানা গিয়েছে, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের দক্ষিণমুখী রাস্তা গাড়ির গতি এবং যাতায়াত নিয়ন্ত্রিত রাখার নির্দেশ রয়েছে।

এই দফায় বাইপাসের পূর্ব দিক বন্ধ থাকবে। সল্টলেক, উল্টোডাঙা বা বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। ওই সমস্ত গাড়িগুলিকে এনএক্স হোটেলের সামনে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। পরে উত্তরমুখী রাস্তা হয়ে গাড়িগুলি চিংড়িঘটার দিকে যাবে। এদিকে, সল্টলেকে যেতে গেলে সেই গাড়িগুলিকেও নতুন বিকল্প রাস্তা ধরতে হবে। তবে বাইপাসের দক্ষিণমুখী গাড়িগুলি স্বাভাবিক পথেই চলবে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে,  সল্টলেক বা নিউ টাউনের দিক থেকে বাইপাসের দিকে যাওয়া গাড়িগুলির রাস্তায় কোনও পরিবর্তন হবে না। অন্যদিকে, দক্ষিণমুখী যে গাড়িগুলি রয়েছে সেগুলিকে চিংড়িঘাটা ক্রসিং থেকে ঘুরিয়ে বাইপাসের পশ্চিম দিকে পাঠানো হবে। পাশাপাশি নিউ টাউন এবং সল্টলেকের দিক থেকে বাইপাসের দিকে আসা গাড়িগুলি চিংড়িঘাটা ক্রসিং থেকে দক্ষিণ অভিমুখে যাওয়ার জন্য শুধু বাঁ দিকে ঘুরতে পারবে। কিন্তু, উত্তর অভিমুখে যাওয়ার জন্য ডান দিকে ঘোরা বন্ধ থাকছে। তবে  উত্তর অভিমুখে যাওয়ার গাড়িগুলি মেট্রোপলিটান ক্রসিং থেকে ইউ-টার্ন নিতে পারবে।

উল্লেখ্য, বর্তমানে বেলেঘাটা পর্যন্ত চলছে মেট্রো। এই চিংড়িঘাটা মেট্রোর কাজ শেষ হলে বেলেঘাটা ও পার্শ্ববর্তী এলেকার মানুষের যোগাযোগ আরও সহজ হবে।  সেখানে যে ট্রাফিক জ্যাম হয় তা এড়িয়ে যাত্রীরা দ্রুত গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন ।