পুবের কলম ওয়েব ডেস্কঃ দীর্ঘ প্রায় দশ মাস বন্ধ থাকার পর অবশেষে কবি সুভাষ মেট্রো স্টেশন ভাঙার কাজ শুরু হল রবিবার থেকে। গত বছরের ২৮ জুলাই স্টেশনের একটি পিলারে ফাটল ধরা পড়ে। পরে আরও একাধিক গঠনগত ত্রুটি সামনে আসায় যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ওই স্টেশন থেকে মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্তই মেট্রো পরিষেবা চালু রয়েছে।

স্টেশন ভাঙার কাজ শুরুর প্রস্তুতি হিসেবে রবিবার শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে রেক ঘোরানোর বিশেষ ব্যবস্থা করা হয়। ওই স্টেশন থেকেই ডাউনের ট্রেন ঘুরে আপ লাইনে ফিরতে পারে, তার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হচ্ছে। এই কাজের কারণে রবিবার দিনভর মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

এর আগে কবি সুভাষ স্টেশন বন্ধ থাকার সময় শহিদ ক্ষুদিরাম স্টেশনেই যাত্রী নামিয়ে ফাঁকা ট্রেন কবি সুভাষ পর্যন্ত নিয়ে যাওয়া হত।

সেখান থেকে ট্রেন ঘুরিয়ে আবার আপ লাইনে ফিরিয়ে আনা হত। মেট্রো সূত্রে জানা গিয়েছে, নতুন কবি সুভাষ স্টেশনের নকশা তৈরির কাজ চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে। এখন ধাপে ধাপে পুরনো কাঠামো ভেঙে নতুন স্টেশন নির্মাণের কাজ এগোবে। মেট্রো কর্তৃপক্ষের আশা,  সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নতুন স্টেশনের কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে।