পুবের কলম ওয়েবডেস্কঃ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হুমায়ুন কবীরের গড়া দল আমজনতা উন্নয়ন পার্টিতে বড়সড় ভাঙনের ইঙ্গিত মিলল। সোমবার পূর্ব বর্ধমানের পুর্বস্থলীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ওই দলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি পঙ্কজ গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে প্রায় ৩০০ জন কর্মী-সমর্থকও শাসকদলে যোগ দেন। কয়েক মাস আগেই দলবিরোধী কার্যকলাপ ও ধর্মের নামে রাজনীতি করার অভিযোগ তুলে হুমায়ুন কবীরকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল। তার পরই ভরতপুরের এই বিধায়ক নিজস্ব রাজনৈতিক দল গঠনের ঘোষণা করেন।

সেই ঘোষণা অনুযায়ী তিনি ‘আমজনতা উন্নয়ন পার্টি’ নামে নতুন দল গড়ে তোলেন এবং অল্প সময়ের মধ্যেই দলের জন্য নির্বাচন কমিশনের স্বীকৃত প্রতীকও পান।

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ১৮২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে হুমায়ুনের দল। বিভিন্ন এলাকায় তাঁদের প্রার্থীরাও প্রচারে নেমেছেন। তবে এই পরিস্থিতির মধ্যেই পূর্ব বর্ধমানে দলের জেলা সভাপতির দলত্যাগ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের তৃণমূলে যোগদান রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সোমবারের সভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই নতুন সদস্যদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মন্ত্রী স্বপন দেবনাথ এবং মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরী।

নতুন দল গঠনের পর থেকেই হুমায়ুন কবীর বারবার তৃণমূল সরকারকে ক্ষমতা থেকে সরানোর ডাক দিয়েছেন। সেই লক্ষ্যেই আইএসএফ ও সিপিএম-সহ বিভিন্ন বিরোধী দলের সঙ্গে জোট গড়ার চেষ্টা করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তাঁর পাশে দাঁড়িয়েছে মূলত আসাদউদ্দিন ওয়েসির নেতৃত্বাধীন মিম। এই প্রেক্ষাপটে নির্বাচনের আগে দলের গুরুত্বপূর্ণ নেতার দলবদল আমজনতা উন্নয়ন পার্টির জন্য বড় ধাক্কা বলেই রাজনৈতিক মহলের ধারণা। অনেকের মতে, ভোটের আগেই এই ভাঙন হুমায়ুন কবীরের জন্য বাড়তি চাপ তৈরি করছে।