রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এবার বিধানসভায় নিজেদের বিরোধী পরিষদীয় দল গঠন করল তৃণমূল কংগ্রেস। শনিবার রাতে দলের তরফে নতুন পরিষদীয় নেতৃত্বের নাম ঘোষণা করা হয়েছে। বালিগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হয়েছে। অন্যদিকে, মুখ্য সচেতক বা চিফ হুইপের দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতার মেয়র ও প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমকে।

এছাড়া উপ দলনেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং ধনেখালির বিধায়ক অসীমা পাত্র। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, বিধানসভা পরিচালনায় দীর্ঘ অভিজ্ঞতা থাকার কারণেই শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রশাসনিক ও সাংগঠনিক অভিজ্ঞতার কথা মাথায় রেখেই ফিরহাদ হাকিমকে মুখ্য সচেতকের পদে আনা হয়েছে।


শনিবার সকালেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া ও ক্ষুদিরাম টুডু। নতুন সরকার দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিজেদের পরিষদীয় দল সাজিয়ে ফেলল তৃণমূল।
বিশেষজ্ঞদের মতে, বিরোধী আসনে লড়াই জোরদার করতে অভিজ্ঞ ও সংগঠনে সক্রিয় নেতাদেরই গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে।