ঘোষণা করে আবার সিদ্ধান্ত বদলালো নির্বাচন কমিশন। ইনিউমারেশন পর্বে নতুন ভোটার সংযুক্তির কাজ আপাতত স্থগিত রাখা হচ্ছে। ফলে এই পর্যায়ে সদ্য ১৮ পেরোনো যুবক-যুবতীরাও ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না। কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত ৬ নম্বর ফর্ম বিতরণ বন্ধ থাকবে। এই সময়ে শুধু ইনিউমারেশন ফর্ম বিলি ও জমা দেওয়ার প্রক্রিয়াই চলবে।
আরও পড়ুন:
এর আগে পশ্চিমবঙ্গসহ মোট ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা করার সময় কমিশন জানিয়েছিল, ইনিউমারেশন চলাকালীন নতুন ভোটারদের আবেদন গ্রহণ করা হবে। বাড়ি বাড়ি ফর্ম বিলির সময় নতুন ভোটারের খোঁজ করা ও ৬ নম্বর ফর্ম দেওয়ার দায়িত্বও দেওয়া হয়েছিল বুথ লেভেল অফিসারদের (বিএলও)। এমনকি প্রতিটি বিএলওর কাছে কমপক্ষে ৩০টি করে ফর্ম মজুত রাখার নির্দেশও ছিল।
আরও পড়ুন:
কিন্তু কমিশন সূত্রের খবর, ঘোষণা সত্ত্বেও ইনিউমারেশন পর্বে নতুন ভোটার সংযুক্তি, ঠিকানা বদল বা অন্যান্য আবেদন প্রক্রিয়া আপাতত বন্ধ রাখা হচ্ছে। অনলাইনে আবেদন বা ফর্ম জমা দিলেও তা এখন বিবেচনায় নেওয়া হবে না।
কারণ, ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই এ সংক্রান্ত প্রক্রিয়া পুনরায় শুরু হবে।আরও পড়ুন:
কমিশনের এক কর্তা জানিয়েছেন, আপাতত বিএলওদের প্রধান দায়িত্ব এসআইআর সংক্রান্ত কাজ সঠিক সময়ে শেষ করা। তাই এই মুহূর্তে তাদের ওপর অতিরিক্তভাবে ৬ নম্বর ফর্ম বিলি বা গ্রহণের দায়িত্ব দেওয়া সম্ভব নয়। খসড়া তালিকা প্রকাশের পর পরিস্থিতি স্বাভাবিক হবে। তখন জেলা নির্বাচনি দপ্তর থেকে আবার ৬ নম্বর ফর্ম বিতরণ শুরু হবে। একইসঙ্গে মুখ্য নির্বাচনি দপ্তরের পোর্টালে অনলাইন আবেদনও সক্রিয় হবে। খসড়া তালিকায় নাম না ওঠা ভোটাররাও তখন আবেদন করতে পারবেন।