পুবের কলম ওয়েবডেস্ক: অক্টোবরের শেষ সপ্তাহেই বের হতে পারে এসএসসি’র নবম-দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল। ২০১৬ সালের এসএসসি পরীক্ষা ঘিরে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ ওঠে। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিলও হয়ে যায় সেই প্যানেল।চাকরি খুইয়ে পথে বসেন ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। অবশেষে যোগ্য-অযোগ্য বাছাইয়ের পর্ব শেষ করে গত মাসেই নেওয়া হয় ফের পরীক্ষা।
এসএসসি সূত্রে খবর, চলতি মাসেই হতে পারে ফলপ্রকাশ। অক্টোবরের শেষ দিকে ৯ বছর পর নেওয়া এসএসসি-র ফলপ্রকাশের সম্ভবনা। এরপর নভেম্বর নাগাদ শুরু হয়ে যাবে ইন্টারভিউ প্রক্রিয়া। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই শেষ হবে নিয়োগ প্রক্রিয়া।
সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ‘ডেডলাইনেই’ করতে হবে কাজ। শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ দিয়েছিল, মে মাসের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আর গোটা নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই। এবার সেই নিয়ম মেনেই ডিসেম্বরের তৃতীয় সপ্তাহকে ‘পাখির চোখ’ করেছে স্কুল সার্ভিস কমিশন।
সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ‘ফলাফল সবার চোখের সামনেই রয়েছে। ভারতবর্ষে আর কোনও রাজ্যে কখনওই এমনটা হয়নি। যেখানে প্রশ্ন এবং উত্তর ওয়েবসাইটে আপলোড করা।’ তবে একাংশের পরীক্ষার্থীদের মনে ওএমআর-‘অনিশ্চয়তা’ কাটলেও, চিন্তা বেড়েছে ইন্টারভিউ নিয়ে। কেউ কেউ বলছেন, ইন্টারভিউ কতটা স্বচ্ছ হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। অবশ্য শিক্ষামন্ত্রীর দাবি, ‘এসব হাস্যকর। কিছু দুর্নীতি হবে না। আমি শুধু এটাই কামনা করি যেন যোগ্যরা তাদের চাকরি আবার ফিরে পান।’






















