আবদুল ওদুদ: রাজ্য থেকে হজযাত্রী সংখ্যা বাড়ানোর লক্ষ্যে একাধিক উদ্যোগ নিয়েছেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান তথা জঙ্গীপুরের সাংসদ খলিলুর রহমান। রবিবার রাজ্য হজ কমিটির বৈঠকে একথা জানালেন চেয়ারম্যান। বৈঠক শেষে তিনি বলেন, রাজ্য থেকে হজের কোটা রয়েছে ১৯ হাজারের কিছু বেশি । কিন্তু কোনও বারই তা পূরণ হয় না।
এবছর যাতে সেই লক্ষ্য পূরণ হয় সেই উদ্দেশ্যে কাজ শুরু হয়েছে।আরও পড়ুন:
চেয়ারম্যান বলেন, ইতিমধ্যেই তাঁর কাছে অভিযোগ এসেছে যাঁরা নতুন পাসপোর্ট এর আবেদন করছেন তাঁদের কিছুটা সমস্যা হচ্ছে। সেই সমস্যা দূরীকরণের জন্য কয়েকটি জেলার পুলিশ সুপার এবং ডিআইবি আধিকারিকদের সঙ্গেও আলোচনা হয়েছে। হজের আবেদন করার জন্য যাঁরা পাসপোর্ট তৈরি করবেন তাঁদের যাতে দ্রুত ডিআইবি রিপোর্ট জমা পড়ে সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার আবেদন জনিয়েছেন।
আরও পড়ুন:
হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, কেন্দ্রীয় হজ কমিটি ২০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে হজের আবেদন করার সময় বেঁধে দিয়েছে। রাজ্য হজ কমিটি আরও এক মাস সময় বাড়ানোর জন্য আবেদন করবে। এখন পর্যন্ত পর্যাপ্ত আবেদন জমা না পড়ায় এবং পাসপোর্ট প্রক্রিয়ায় কিছু সমস্যার কারণে আরও এক মাস সময় বৃদ্ধির আবেদন জানাবেন তারা।
আরও পড়ুন:
রাজ্য হজ কমিটির সদস্য কুতুব উদ্দিন তরফদার বলেন, গত বছর হজযাত্রীদের বিমান বাতিল হওয়ায় বেশ সমস্যা তৈরি হয়েছিল। হজযাত্রীরা কলকাতায় এসে যাতে সমস্যার মধ্যে না পড়ে তার জন্য এখন থেকে রাজ্য হজ কমিটি ব্যবস্থা করেছে।