পুবের কলম,ওয়েবডেস্ক:উমরাহ পালনকারী বা মুসল্লি ও দর্শনার্থীদের মক্কার মসজিদুল হারামে না ঘুমানোর নির্দেশনা দিয়েছে সউদি আরবের হজ ও উমরাহ মন্ত্রক। একই সঙ্গে নিয়ম ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রকটি জানিয়েছে, মুসল্লিদের অবশ্যই মসজিদে ঘুমানো থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে করিডোর, নামাযের স্থান, জরুরি যানবাহন রাখার জায়গা ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য বরাদ্দকৃত জায়গায়।
মন্ত্রক জানায়, সবাইকে অবশ্যই উমরাহর শিষ্টাচার মেনে চলতে হবে। অর্থাৎ, সবার সঙ্গে সহযোগিতামূলক আচরণ করতে হবে। তাছাড়া আয়োজক ও কর্মীদের নির্দেশিকা মেনে চলার কথাও বলা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা উমরাহ পালন করতে চায় তাদের অবশ্যই নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন নিয়ে পবিত্র কাবার মসজিদে যেতে হবে।
সাম্প্রতিক সময়ে সউদি আরব বিদেশি মুসল্লিদের উমরাহ করতে দেশটিতে সহজে যেতে বেশকিছু সুবিধা চালু করেছে। ধারণা করা হচ্ছে, চলতি বছর প্রায় এক কোটি মুসল্লি মক্কায় উমরাহ হজ পালন করবেন। ব্যক্তিগত কিংবা ট্যুরিস্ট যেকোনো ভিসা নিয়েই মুসল্লিরা উমরাহ পালন করতে পারবেন। একই সঙ্গে উমরাহর ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন পর্যন্ত করা হয়েছে।