পুবের কলম ওয়েব ডেস্ক: আসন্ন উপনির্বাচনের আগে সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে থাকা দলের চারটি অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল তারা। কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সেই আবেদনে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে। ফলে কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী ওই অ্যাকাউন্টগুলি ফ্রিজই থাকছে এবং উপনির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির তা ব্যবহার করতে পারছে না।
এদিন বিচারপতি এম সুন্দরেশের বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিতে কালীঘাট তৃণমূলের আইনজীবী মনু সিংভি জানান, সামনেই উপনির্বাচন এবং দলের প্রতি মাসে প্রায় ১২ কোটি টাকা খরচ হয়। তাই দ্রুত অ্যাকাউন্টগুলি ব্যবহারের অনুমতি দেওয়া হোক। পালটা আপত্তি জানিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, দলের অভ্যন্তরীণ কোন্দলের সঙ্গে সম্পর্কিত একটি ভিন্ন এফআইআরের ভিত্তিতে তদন্ত চলছে। পাশাপাশি গোটা বিষয়টি বর্তমানে নির্বাচন কমিশনের বিচারাধীন। সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সুন্দরেশের বেঞ্চ জানায়, নির্বাচন কমিশন ইতিমধ্যেই তৃণমূলের প্রতীক ফ্রিজ করে দিয়েছে। এই পরিস্থিতিতে হাই কোর্টের নির্দেশে শীর্ষ আদালত হস্তক্ষেপ করবে না। এই পর্যবেক্ষণের পরই মামলাটি খারিজ করে দেওয়া হয়।
উল্লেখ্য, সাইবার অপরাধ সংক্রান্ত একটি এফআইআরের ভিত্তিতে রাজ্য তদন্তকারী সংস্থা সিআইডি ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলি ফ্রিজ করেছিল। কালীঘাট তৃণমূলের দাবি ছিল, সেখানে কোনও বেআইনি লেনদেনের প্রমাণ নেই। অ্যাকাউন্টগুলি দ্রুত চালু করার এবং প্রয়োজনে স্পেশাল অফিসার নিয়োগের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল মমতার দল। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানিতে হাই কোর্ট কোনও হস্তক্ষেপ করেনি। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। তবে সেখানেও তাদের আবেদন খারিজ হয়ে গেল।