মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি সফরে গিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন শুভেন্দু অধিকারী। শুক্রবারের এই বৈঠকের পর বাংলার নতুন মুখ্যমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দেন রাজনাথ। তাঁর কথায়, “শুভেন্দু অধিকারী রাজনৈতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ একজন নেতা। বাংলাকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলেই আমি আত্মবিশ্বাসী।

সোশ্যাল মাধ্যমে বৈঠকের ছবি শেয়ার করে প্রতিরক্ষামন্ত্রী জানান, বাংলার সার্বিক উন্নয়ন নিয়েই শুভেন্দুর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। যদিও বৈঠকের নির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ্যে আনা হয়নি, রাজনৈতিক মহলের ধারণা- রাজ্যের আর্থিক পরিস্থিতি, কেন্দ্রীয় সহায়তা এবং উন্নয়নমূলক প্রকল্প নিয়েই মূলত আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক সেরে দিল্লি পৌঁছন মুখ্যমন্ত্রী। রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন তিনি।

এরপর শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শুভেন্দু। উপরাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গেও তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকও হওয়ার কথা।

রাজ্যের আর্থিক সংকট, কেন্দ্রীয় বরাদ্দ বৃদ্ধি, শিল্প বিনিয়োগ ও পরিকাঠামো উন্নয়ন— এই সব বিষয়কে সামনে রেখেই দিল্লি সফরে সক্রিয় হয়েছেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, “ডবল ইঞ্জিন” সরকারের সমন্বয়ের মাধ্যমে বাংলার উন্নয়নের নতুন রূপরেখা তৈরির দিকেই এগোচ্ছে রাজ্য সরকার।