৭৩-এ না ফেরার দেশে চলে গেলেন উস্তাদ জাকির হুসেন। রবিবার আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে মৃত্যু হয়। সোমবার পরিবারের তরফে বিবৃতিতে বিষয়টি জানানো হয়। ইডিওপ্যাথিক পালমোনারি ফিব্রোসিসের সমস্যায় ভুছিলেন তিনি।

রবিবার সন্ধেয় প্রথমে তাঁর অসুস্থতার খবরে হইচই পড়ে সংগীত মহলে।

অবস্থা অত্যন্ত সংকটজনক, শুনে অনেকেই প্রার্থনা শুরু করেন। যদিও তার কিছুক্ষণ পরই খবর ছড়িয়ে পড়ে তিনি আর নেই। শোকস্তব্ধ হয় সংগীত জগত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তাঁর সমসাময়িক বহু শিল্পীরা শোক প্রকাশ করেন। স্মৃতিচারণা করেন।

রবিবার রাত বাড়তেই আমির আউলিয়া নামের এক ব্যক্তি (যিনি নিজেকে তাঁর ভাগ্নে হিসেবে পরিচয় দিয়েছিলেন) এক্স হ্যান্ডেলে জানান, শিল্পী অসুস্থ কিন্তু তাঁর মৃত্যুর খবর ভুঁয়ো। এই খবরটিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। সকলে আশ্বস্ত হন।

কিন্তু সোমবার ভোর হতেই পরিবারের তরফে জানানো হয়, মৃত্যুর খবরটি সত্যি। বেশ কিছুদিন এই বর্ষীয়ান শিল্পী ফুসফুসের সমস্যায় ভুগছিলেন।

বাতিল করেছিলেন একাধিক অনুষ্ঠান। ফুসফুসের সমস্যার জন্যই হাসপাতালে ছিলেন। রবিবার অত্যন্ত সংকটজনক হয় তাঁর শারীরিক অবস্থা। রাতের দিকে শেষরক্ষা করা সম্ভব হয়নি। সকলের মন খারাপ করে দিয়ে তিনি চলে যান না ফেরার দেশে। না ফেরার দেশে চলে গেলেন তবলার জাদুকর উস্তাদ জাকির হুসেন