পুবের কলম,ওয়েবডেস্ক:  জন্মদিনই পরিণত হল মৃত্যুদিনে। সমকামী প্রেমিকের হাতে নৃশংসভাবে খুন হতে হল তরুণীকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চেন্নাই শহরতলি কেলাবক্কমের।

জানা গেছে, শিকলে বেঁধে ব্লেড দিয়ে ফালা ফালা করে ওই তরুণীর দেহ’কে ক্ষতবিক্ষত করা হয়। তারপর পুরো গায়ে পেট্রল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারা হয় তাঁকে।

পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম আর নন্দিনী (২৪)। দক্ষিণ  চেন্নাইয়ের কেলামবাক্কামের রাছে থালাম্বুরের বাসিন্দা তিনি। নন্দিনী   পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাঁর গায়ে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তারই প্রাক্তন সহপাঠী (২৬)  ভার্টিমারান ওরফে পান্ডি মাহেশ্বরীর বিরুদ্ধে। নন্দিনীকে বিয়ে করবেন বলেই ভার্টিমারান  অস্ত্রপচার করে লিঙ্গ পরিবর্তন করেন।
দুজনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ছোটবেলার সঙ্গী তাঁরা। একই স্কুলে পড়াশোনা  করতেন। একপর্যায়ে বন্ধুত্ব এতটাই গভীর হয়ে উঠেছিল যে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর বান্ধবীকে বিয়ে করতে লিঙ্গ পরিবর্তন করতে শুরু করেন সহপাঠী। কিন্তু, সম্প্রতি সেই বান্ধবী অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হন।
ফলে প্রাক্তন সহপাঠীকে বিয়ে করতে চাননি। সেই রাগে জন্মদিনের আগের রাতেই প্রেমিকাকে জীবন্ত পুড়িয়ে মারেন সমকামী প্রেমিক। পরে স্থানীয় বাসিন্দারা নন্দিনীকে চেইন বাঁধা দগ্ধ অবস্থায় উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়েই পুলিশ নন্দিনীকে স্থানীয় হাসপাতালে পাঠায়। কিন্তু, বাঁচানো যায়নি। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। নন্দিনীকে নৃশংসভাবে খুনের অভিযোগে ভার্টিমারানকেও গ্রেফতার করে পুলিশ। বর্তমানে জেল হেফাজতে ভার্টিমারান।