পুবের কলম,ওয়েবডেস্ক: তেলেঙ্গানায় বন্যাত্রাণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জামায়াতে ইসলামি হিন্দ ও স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন (এসআইও)। মুসলিম-পরিচালিত এই সামাজিক সংগঠন দুটি বরাবরই এ ধরনের নানা কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়ে।
আরও পড়ুন:
মণিপুরে কুকি-মেইতেইদের মধ্যে যে সহিংসতা চলছে, তাতেও সাহায্যের জন্য সামনে এগিয়ে এসেছে জামায়াতে ইসলামি হিন্দ। বিবাদমান দু-পক্ষকে শান্তির আহ্বান জানানোর পাশাপাশি ত্রাণ, আশ্রয় নিয়ে মণিপুরবাসীদের পাশে দাঁড়িয়েছে তারা। তেলেঙ্গানার বন্যা-দুর্গতদের পাশেও একইভাবে দাঁড়িয়েছে জামায়াত ও এসআইও।
বন্যা-কবলিত এলাকা থেকে নাগরিকদের উদ্ধারকাজেও তারা এনডিআরএফ ও পুলিশ কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।গত কয়েকদিন ভারী বৃষ্টিতে ডুবেছে তেলেঙ্গানার বিস্তীর্ণ এলাকা। এর ফলে বেশ কয়েকটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক বৃষ্টির ফলে বন্যাতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। বাড়িঘর ডুবে যাওয়ায় এলাকা ছেড়ে অন্যত্র সরে যেতে হচ্ছে বহু মানুষকে।
আরও পড়ুন:
ওয়ারাঙ্গাল ও মুলুগু জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যায়। শনিবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ২৩ জনের প্রাণহানি হয়েছে বন্যায়। এর মধ্যে ১৪ জন মুলুগু জেলার। ৩০ হাজার মানুষ বাড়িঘর হারিয়ে এখন ছিন্নমূলে পরিণত হয়েছে। প্রশাসন তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
এই উদ্ধারকাজে সাহায্য করছে জামায়াতে ইসলামি হিন্দ ও এসআইও-র কর্মী-স্বেচ্ছাসেবকরা। নৌকার অভাবে তারা টিউব ব্যবহার করছে উদ্ধারকাজে। এসআইও একটি সংগঠিত উদ্ধারকারী দল তৈরি করেছে। জামায়াতের এক স্থানীয় নেতা আবদুল হান্নান জানান, ওয়ারাঙ্গালের নাইমনগর, রামনগর, কাকাতিয়া, হান্টার রোড, শিবনগর, নেহরু নগর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। এসআইও ও জামায়াত এইসমস্ত জায়গাগুলিতে ত্রাণকাজে সক্রিয়।