পুবের কলম ওয়েব ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর এবার বড়পর্দায় মুক্তির আলো দেখতে চলেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বহু আলোচিত ছবি "দ্য বেঙ্গল ফাইলস"। দীর্ঘ বিতর্ক, প্রশাসনিক জটিলতা এবং আইনি টানাপোড়েনের পর আগামী শুক্রবার থেকে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শন শুরু হওয়ার কথা। একসময় যাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল, সেই ছবিকেই ঘিরে এখন দর্শকদের মধ্যে বাড়ছে আগ্রহ।
আরও পড়ুন:
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরপরই সমাজমাধ্যমে একটি আবেগঘন বার্তা দেন পরিচালক।
সেখানে তিনি দাবি করেন, ছবিটির প্রচার এবং প্রকাশকে ঘিরে তাঁকে নানা বাধার মুখে পড়তে হয়েছিল। ট্রেলার প্রকাশে প্রতিবন্ধকতা তৈরি করা থেকে শুরু করে ব্যক্তিগতভাবে আক্রমণ, একাধিক অভিযোগ দায়ের, নানা প্রতিকূলতার কথা তুলে ধরেন তিনি। তাঁর কথায়, এত বাধা সত্ত্বেও তাঁরা পিছিয়ে যাননি এবং বাংলার দর্শকদের কাছে ছবিটি পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছেন।আরও পড়ুন:
কলকাতার অন্যতম পরিচিত প্রেক্ষাগৃহ প্রিয়ার কর্ণধার অরিজিৎ দত্ত জানিয়েছেন ,শুক্রবার থেকেই তাঁদের হলে ছবিটির প্রদর্শন শুরু হবে।
তাঁর বক্তব্য, সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া একটি ছবি শুধুমাত্র রাজনৈতিক আপত্তির কারণে এতদিন রাজ্যের দর্শকদের নাগালের বাইরে ছিল। দেশের অন্যান্য প্রান্তের মানুষ ছবিটি দেখার সুযোগ পেলেও বাংলার দর্শক সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে।আরও পড়ুন:
শুধু কলকাতাতেই নয়, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের একাধিক সিনেমা হলে ছবিটি মুক্তির প্রস্তুতি শুরু হয়েছে।
প্রেক্ষাগৃহ মালিকদের একাংশের মতে, দীর্ঘদিনের বিতর্ক এবং রাজনৈতিক আবহের কারণে ছবিটিকে ঘিরে দর্শকদের কৌতূহল অনেকটাই বেড়েছে। উল্লেখযোগ্যভাবে, গত বছরের সেপ্টেম্বর মাসে দেশজুড়ে ছবিটি মুক্তি পেলেও পশ্চিমবঙ্গে তার প্রদর্শন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তৎকালীন শাসকশিবিরের বিরুদ্ধে অলিখিতভাবে ছবির প্রদর্শনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। ছবিটিকে ঘিরে "উসকানিমূলক" তকমাও দেওয়া হয়। এছাড়া ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায় ও সৌরভ দাসের মতো পরিচিত বাঙালি অভিনেতাদের উপস্থিতিও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এখন রাজনৈতিক সমীকরণ বদলেছে। ফলে বাংলার প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তি বক্স অফিসে কতটা সাড়া ফেলে এবং দর্শকমহলে কেমন প্রতিক্রিয়া তৈরি করে, সেদিকেই নজর থাকবে চলচ্চিত্র মহলের।