পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামছাড়া হয়ে উঠেছে। পেট্রল-ডিজেল থেকে খাদ্যপণ্য—সব ক্ষেত্রেই বাড়ছে চাপ। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফর নিয়ে সরব হল কংগ্রেস। ইতালি সফরে গিয়ে ইতালির প্রধানমন্ত্রী Giorgia Meloni-কে চকোলেট উপহার দেওয়ার ছবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও।


কংগ্রেস নেতা রাহুল গান্ধী তীব্র কটাক্ষ করে বলেন, “অর্থনৈতিক ঝড়ের মুখে দেশ, আর প্রধানমন্ত্রী ইতালিতে টফি বিলি করছেন!” তাঁর অভিযোগ, একদিকে মূল্যবৃদ্ধিতে কৃষক, শ্রমিক, যুবক ও ছোট ব্যবসায়ীরা সমস্যায় জর্জরিত, অন্যদিকে প্রধানমন্ত্রী বিদেশ সফরে ব্যস্ত এবং সেই সফরের ‘রিল’ তৈরি হচ্ছে।
রায়বেরিলিতে ‘বহুজন স্বাভিমান সভা’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাহুল আরও বলেন, “এটা নেতৃত্ব নয়, নিছক নাটক।” পাশাপাশি বিজেপি ও আরএসএস-কে নিশানা করে তাঁর দাবি, “দেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন-ও এই ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করেছেন। তাঁর বক্তব্য, দেশের মানুষ যখন অর্থনৈতিক চাপে ভুগছেন, তখন প্রধানমন্ত্রী শুধুই আত্মপ্রচারে ব্যস্ত। কংগ্রেস মুখপাত্র পবন খেরা দাবি করেন, গত ১২ বছরে পেট্রোলিয়াম পণ্যে বিপুল কর আদায় করেও সাধারণ মানুষকে কোনও স্বস্তি দিতে পারেনি কেন্দ্র।
এদিকে ইতালি সফরে মোদি-মেলোনির সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত এবং চকোলেট উপহার দেওয়ার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। দুই নেতার নাম মিলিয়ে নানা রকম মিম ও চর্চাও শুরু হয়েছে নেটমাধ্যমে।