তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভাঙার নোটিস পাঠানো হয়েছে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। এই ইস্যুতে বুধবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিলেন কলকাতার মেয়র তথা বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম এবং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
নোটিস প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “এটা আমার এক্তিয়ারের মধ্যে পড়ে না। যিনি নোটিস পেয়েছেন, তিনিই এই বিষয়ে বিস্তারিত বলতে পারবেন।
একইসঙ্গে তিনি স্পষ্ট করেন, জনপ্রতিনিধিদের ভূমিকা মূলত নীতিনির্ধারণের মধ্যেই সীমাবদ্ধ। তাঁর কথায়, “নতুন বিল্ডিংয়ের অনুমোদন দেওয়া বা কোন নির্মাণ বেআইনি কি না, সেই বিষয়গুলি কমিশনের এক্সিকিউটিভ বিভাগ দেখে। নির্বাচিত প্রতিনিধিরা সরাসরি সেই সিদ্ধান্ত নেন না।”
অন্যদিকে কুণাল ঘোষ অভিযোগ করেন, তৃণমূলের কিছু নেতাকে পরিকল্পিতভাবে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। তাঁর দাবি, “অনেক ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে।” তবে তিনি এটাও জানান, যাঁর বাড়িতে নোটিস গিয়েছে, পুরো বিষয়টি নিয়ে তিনিই সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করতে পারবেন।