রাজ্যে পালাবদলের পর সামাজিক প্রকল্পগুলি নিয়ে বড় সিদ্ধান্ত নিল নতুন বিজেপি সরকার। একদিকে ‘যুবসাথী’ প্রকল্পের ৫৫ লক্ষ উপভোক্তার তথ্য পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অন্যদিকে ‘অন্নপূর্ণা’ প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে,সরকারি কর্মী, পেনশনভোগী ও আয়করদাতা মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

ফেব্রুয়ারিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘যুবসাথী’ প্রকল্প চালু করেছিলেন। মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীদের মাসে দেড় হাজার টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। পরে নতুন সরকার ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কোনও জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ করা হবে না, বরং বেকার ভাতা বাড়িয়ে তিন হাজার টাকা করা হবে।

তবে সরকার সূত্রে খবর, প্রথম পর্যায়ে যাঁরা যুবসাথীর টাকা পেয়েছেন, তাঁদের প্রত্যেকের তথ্য নতুন করে খতিয়ে দেখা হবে।  একই ব্যক্তির অ্যাকাউন্টে একাধিকবার টাকা গিয়েছে কি না, তাও পরীক্ষা করা হবে। ফলে পুনর্যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপাতত বেকার ভাতার টাকা বন্ধই থাকবে।

অন্যদিকে জুন মাস থেকেই ‘অন্নপূর্ণা’ প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তুতি শুরু করেছে সরকার। মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি হয়েছে।

জানানো হয়েছে, ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি তিন হাজার টাকা পাঠানো হবে। তবে আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাধ্যতামূলক।
সরকার স্পষ্ট জানিয়েছে, আয়করদাতা মহিলা, কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মী, পেনশনভোগী, শিক্ষক-অশিক্ষক কর্মচারী, পঞ্চায়েত বা পুরসভার সঙ্গে যুক্ত মহিলারা এই প্রকল্পের আওতায় আসবেন না। 
জানা গিয়েছে, ১ জুন থেকে অনলাইন ও অফলাইন—দু’ভাবেই নতুন আবেদন নেওয়া শুরু হবে। লক্ষ্মীর ভাণ্ডারের অনেক উপভোক্তার নাম সরাসরি অন্নপূর্ণা প্রকল্পে স্থানান্তর করা হলেও, নতুন শর্ত মেনেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
প্রশাসনিক মহলের মতে, নতুন সরকার জনকল্যাণমূলক প্রকল্পগুলিতে স্বচ্ছতা নিশ্চিত করতেই এই কড়া যাচাই প্রক্রিয়া চালু করছে।