পুবের কলম ওয়েব ডেস্কঃ গরু নিয়ে মন্তব্য করে এর আগে বিতর্কে জড়িয়েছিলেন। এর আগেও গরুর দুধে সোনা আছে, কিংবা দেশি গরুকে "মা" আর জার্সি গরুকে "মাসিমা" বলার মতো মন্তব্য করে আলোচনায় উঠে এসছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এ বার রাজ্যের মন্ত্রী হিসেবে ফের গরুর নানা উপকারিতা তুলে ধরে নতুন করে আলোচনায় উঠে এলেন তিনি। তাঁর দাবি,  গরুকে আদর করলে উচ্চ রক্তচাপও কমে যেতে পারে। মঙ্গলবার উত্তর কলকাতার কাঁকুড়গাছিতে এক চা-চক্র অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের পঞ্চায়েত,  প্রাণিসম্পদ ও কৃষি বিপণন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ।

সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গরুর গায়ে হাত বোলালে রক্তচাপও স্বাভাবিক হতে পারে। বিশেষ করে গরুর কুঁজ বা গলার নীচের অংশে হাত রাখলে দ্রুত উপকার মেলে বলেও দাবি করেন তিনি।

শুধু তাই নয়, গরুর গোবরেরও নাকি রোগ সারানোর ক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী। নিজের এক আত্মীয়ের উদাহরণ টেনে তিনি জানান, শরীরের ফোলা জায়গায় গোবর লাগানোর পরে নাকি উপকার মিলেছিল। গরু নিয়ে দিলীপ ঘোষের এমন মন্তব্য অতীতেও বহুবার বিতর্ক তৈরি করেছে।

কয়েক বছর আগে তিনি দাবি করেছিলেন, দেশি গরুর শরীরে বিশেষ ধরনের "স্বর্ণনাড়ি" থাকে,  যা সূর্যের আলো থেকে সোনার উপাদান তৈরি করতে সাহায্য করে। সেই কারণেই দেশি গরুর দুধে হলুদ আভা দেখা যায় বলেও তাঁর বক্তব্য ছিল। করোনার সময়েও তিনি গোমূত্রের উপকারিতা নিয়ে নানা মন্তব্য করেছিলেন,  যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়।

এ দিনও নিজের অবস্থান থেকে একচুলও সরতে দেখা যায়নি দিলীপকে। বরং গরুর গুরুত্ব নিয়ে প্রশ্ন তোলা মানুষদের কটাক্ষ করে তিনি জানান, অনেকেই গরুর মাহাত্ম্য বোঝেন না বলেই এমন বিরোধিতা করেন। মন্ত্রী আরও জানান, খুব শীঘ্রই দুগ্ধ শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী এবং বিভিন্ন গোশালার মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।