পুবের কলম ওয়েব ডেস্ক: নির্বাচনের আগে কর্মসংস্থান নিয়ে অন্যতম বড় প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি পূরণ করতে তৎপর হয়েছে নতুন সরকার। বৃহস্পতিবার সকালে প্রাতভ্রমণে বেরিয়ে বড় পদক্ষেপের কথা জানালেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানান, রাজ্যে দ্রুত প্রায় সাড়ে ৬ হাজার কর্মী নিয়োগের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন:
মন্ত্রী বলেন, বিভিন্ন দফতরের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। দীর্ঘদিন ধরে কর্মী সংকটের কারণে একাধিক প্রশাসনিক কাজ আটকে রয়েছে। কোথাও কোথাও একজন কর্মীকেই একাধিক পঞ্চায়েতের দায়িত্ব সামলাতে হচ্ছে, ফলে পরিষেবা পৌঁছতে দেরি হচ্ছে সাধারণ মানুষের কাছে।তাঁর কথায়, প্রায় সাড়ে ছ’হাজার পদের জন্য প্রাথমিক তালিকা আগে থেকেই তৈরি ছিল।
এখন সেই প্রক্রিয়াকে চূড়ান্ত করার কাজ চলছে। বিষয়টি মন্ত্রিসভার বৈঠকেও মুখ্যমন্ত্রীর সামনে তোলা হয়েছে বলে জানান তিনি। কেন্দ্রীয় বরাদ্দের অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে ধাপে ধাপে বঞ্চিত কর্মীদের সুযোগ দেওয়ার কথাও বলেন দিলীপ ঘোষ।তিনি আরও জানান, আগামী মন্ত্রিসভার বৈঠকেই বিষয়টি নিয়ে আবারও আলোচনা করা হবে। বিধানসভা অধিবেশন শুরু হওয়ার আগেই নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বলেও ইঙ্গিত দেন তিনি।আরও পড়ুন:
অন্যদিকে, সরকার বদলের পর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে থাকা চুক্তিভিত্তিক কর্মীদের জন্যও আশ্বাসের বার্তা দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানিয়েছেন, রাতারাতি কোনও কঠোর বা অমানবিক সিদ্ধান্ত নেওয়া হবে না এবং বর্তমানে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের চাকরি আপাতত বহাল থাকবে। রাজ্যে সিভিক ভলান্টিয়ার-সহ প্রায় পাঁচ লক্ষ চুক্তিভিত্তিক কর্মী বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন। পুরসভাগুলিতেও রয়েছেন বিপুল সংখ্যক অস্থায়ী কর্মী। রাজনৈতিক পালাবদলের পর তাঁদের মধ্যে চাকরি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সরকারের এই আশ্বাসে তা অনেকটাই কাটতে পারে বলে মনে করছে প্রশাসনিক মহল।