পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। এর আগে রাজ্যে তৃণমূলের সরকার থাকায় কেন্দ্রের অনেক প্রকল্পই এখানে বাস্তবায়িত হতে পারেনি। এবার কেন্দ্রের প্রকল্প রাজ্যে ধীরে ধীরে বাস্তবায়িত করছে বিজেপি সরকার। যার মধ্যে একটি হল "গোকুল মিশন প্রকল্প।" দ্রুতই এই প্রকল্প রাজ্যে চালু করা হবে।

এমনটাই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। এই প্রকল্পের মাধ্যমে যেমন সাধারণ মানুষের আয় বাড়বে তেমনি পাচার বন্ধে কার্যকর ভূমিকা নেবে এই প্রকল্প।

গোকুল মিশন প্রকল্প কী? 

জানা যাচ্ছে, এই প্রকল্পে গরু পালন থেকে দুগ্ধ উৎপাদনের নানা কর্মসূচী থাকবে। এরফলে মানুষ অল্প দামে দুধ পাবেন।

এছাড়াও, গো হত্যা বন্ধ এবং বাংলাদেশে গরু পাচার বন্ধ সম্ভব হবে। আজ মঙ্গলবার গোশালা মালিকদের সঙ্গে বৈঠক করেন দিলীপ ঘোষ। সেই বৈঠকের পর রাজ্যে এই প্রকল্প চালু করা হবে বলে জানান মন্ত্রী। 

প্রসঙ্গত, দিলীপ ঘোষ পঞ্চায়েত দফতরের পাশাপাশি প্রাণীসম্পদ উন্নয়ন দফতরেরও মন্ত্রী। এদিন দিলীপ আরও বলেন, কেন্দ্রের আগেই যে আইন আছে সেগুলো তুলে ধরা হচ্ছে।

সর্বত্র আইনের শাসনের জন্যই পুলিশ কাজ শুরু করে দিয়েছে। উল্লেখ্য, ভোটের আগে বিজেপির প্রতিশ্রুতিগুলির একটি হল চাকরির প্রতিশ্রুতি। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই দিলীপ ঘোষ ইঙ্গিত দিয়েছিলেন, ৬ হাজার কর্মী নিয়োগ করা হবে। মূলত পঞ্চায়েতের কাজকে আরও মসৃণভাবে পরিচালনার জন্য এই নিয়োগের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। আর এবার এই প্রকল্প চালু হলে অনেক মানুষের জীবিকা নিরবাহ হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।