পুবের কলম ওয়েব ডেস্কঃ ঘরের মাঠে এই প্রথমবার শক্তিশালী পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। মিরপুরে প্রথম টেস্টে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছিলেন নাজমুল হোসেন শান্তরা। আর বুধবার সিলেট টেস্টে ৭৮ রানের দারুণ জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের দখলে নিলেন তারা।
আরও পড়ুন:
দ্বিতীয় ইনিংসে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থদিনে স্কোরবোর্ডে ৩১৬ রান তুলে খেলা শেষ করেছিল পাকিস্তান।
হাতে তখনও গোটা একটা দিনের পাশাপাশি ছিল তিন উইকেট। ক্রিজে ৭৫ রানে অপরাজিত ছিলেন ফর্মে থাকা মুহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান (৮)। ১২১ রানে পিছিয়ে থেকে বুধবার সিলেটে টেস্ট জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিলেন রিজওয়ানরা। প্রত্যাশা মতো শেষ দিনেও লড়াই চালিয়ে যাচ্ছিল পাকিস্তান। একটা সময় রিজওয়ান ও সাজিদ জুটি বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। শেষ দিনে তারা দ্রুত রান তুলে নেওয়াতে মন দেওয়ায় ম্যাচে উত্তেজনা ফেরে। ঠিক তখনই পাকিস্তানের শেষ ভরসা রিজওয়ানকে আউট করেন শরীফুল। ৯৪ রানের মাথায় গালিতে ক্যাচ দিয়ে রিজওয়ান শুধু সেঞ্চুরি ফেলে নয়, দলকে হারের মুখে ফেলে মাঠ ছাড়েন।আরও পড়ুন:
তার মধ্যেই ক্রিজে বিপজ্জনক হয়ে ওঠা সাজিদকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের বলে স্লিপে ক্যাচ দেন সাজিদ (২৮)। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচের নায়কও হন তাইজুল। শেষ পর্যন্ত ৯৮তম ওভারে খুররম শাহজাদ আউট হলে ৩৫৯ রানে অলআউট হয় পাকিস্তান। আর তাতেই নিশ্চিত হয় সিলেটে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়। এই সিরিজ জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ের রেকর্ডও গড়েছে বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসে আর কোনও দলের বিপক্ষে এত টানা টেস্ট জয় পায়নি নাজমুল হোসেন শান্তর দল।