পুবের কলম,ওয়েবডেস্ক: এবার আদালত চত্বরেই চাকরিহারাদের  বিক্ষোভের মুখে পড়ল আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য।  গত সপ্তাহে হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল। যা ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই আবহেই মঙ্গলবার দুপুরে প্রাথমিক  নিয়োগ সংক্রান্ত মামলার পর  কলকাতা হাইকোর্টে  চাকরিচ্যুতদের প্রতিবাদের মুখে পড়েন বিকাশ।

জানা গেছে, এ দিন বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে নিয়োগ দূর্নীতি সংক্রান্ত মামলার শুনানি ছিল।

শুনানি শেষে কোর্ট রুম থেকে বের হলে আইনজীবীকে ঘিরে ধরেন একদল লোক।  বিক্ষোভকারীদের একাংশ সিপিএম নেতার উদ্দেশ্যে বলেন- আপনার জন্যই বাতিল হয়েছে প্যানেল।  আচমকাই এহেন পরিস্থিতিতে অপ্রস্তুত হয়ে যান বিকাশ। কোন ক্রমে সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

২০১৪ সালের টেট পরীক্ষা থেকে ২০১৬, ২০২০, ২০২২ ও ২০২৪ সালে প্রাথমিকের নিয়োগ হয়েছে। আদালত এদিন পর্যবেক্ষণে উল্লেখ করেছে, এই টেট মামলার ফল যদি নেতিবাচক হয়, তাহলে এর উপর ভিত্তি করে হওয়া সব নিয়োগ মামলা অস্তিত্ব হারাতে পারে। সে ক্ষেত্রে গত চার দফায় যে প্রায় ৭০ হাজার শিক্ষক প্রাথমিকে নিয়োগ হয়েছে, তাদের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়বে বলে আশঙ্কা আইনজীবীদের। আগামী আট সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি রয়েছে। তার আগে সব পক্ষকে হলফনামা দিতে হবে। এ দিনের বিক্ষোভ থেকে কেউ কেউ প্রশ্ন তোলেন, তিনি কেন এই ধরনের সওয়াল করছেন আদালতে।