পুবের কলম ওয়েবডেস্ক: আগামী মে মাসেই রাজ্যাভিষেক হবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের। কিন্তু তার আগে অদ্ভুত  সমস্যায় পড়েছে ব্রিটেনের রাজপরিবার। কারণ, সোশ্যাল  মিডিয়ায় হুড়মুড় করে জনপ্রিয়তা কমছে তাদের। প্রতিদিনই  একটু একটু করে কমছে বাকিংহ্যাম প্যালেসের অফিশিয়াল  টুইটার হ্যান্ডলের ‘ফলোয়ার্স’।

চলতি সপ্তাহেই এক কোটি ৩০ লক্ষ থেকে কমে এক কোটি ২৯  লক্ষ হয়ে গেছে ফলোয়ার্স সংখ্যা।
এ পর্যন্ত বাকিংহ্যাম  প্যালেসের টুইটার পেজে ৪,১৪৮টি ছবি পোস্ট হয়েছে। শেষ পোস্টে জানানো হয়েছে, ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নতুন করে  ১২টি সঙ্গীত দলকে নিয়োজিত করা হচ্ছে। তারা  রাজ্যাভিষেকের সময় সঙ্গীত পরিবেশন করবে। সারা ব্রিটেনের  সঙ্গীত প্রতিভাকে বিশ্বের সামনে তুলে ধরা হবে। ব্রিটেনের রাজ  পরিবারের প্রথা অনুযায়ী, অভিষেকের সময় সিল্কের মোজা  (স্টকিংস) এবং বিশেষ পাজামা (ব্রিচেস) পরে থাকেন রাজা।
 কিন্তু  সূত্রের খবর, এবার সেই প্রথা মানবেন না চার্লস। তার  বদলে তিনি পরতে পারেন সেনাবাহিনীর উর্দি। আগামী ৬ মে  ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অভিষেক উৎসবে যোগ দেবেন  চার্লস এবং তার স্ত্রী ক্যামিলা। এর পরের দিন উইন্ডসর  রাজপ্রাসাদে আয়োজিত হবে অভিষেকের বিশেষ কনসার্ট। কিন্তু  এত প্রস্তুতির মধ্যেও সোশ্যাল মিডিয়ায় ‘ফলোয়ার্স’ কমছে রাজ পরিবারের।