পুবের কলম,ওয়েবডেস্ক: টমেটোর দাম আকাশছোঁয়া। মধ্যবিত্তের হেঁশেলে আগুন। এ হেন পরিস্থিতিতে জমি থেকে আড়াই লক্ষ টাকার টমেটো গায়েবের অভিযোগ উঠল। শুধু টমেটো চুরি করে থেমে থাকেনি অজ্ঞাত পরিচয় ওই দুষ্কৃতীরা। সঙ্গে নষ্ট করে দিয়েছে   সমস্ত টমেটো গাছ।
থানায় অভিযোগ জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন কৃষক দম্পতি।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কর্নাটকের হাসান  জেলায়। সোমশেখর নামের এক কৃষক ও তাঁর স্ত্রী ধারানির সঙ্গেই এই ঘটনা ঘটেছে।

তাঁরা আরও জানিয়েছেন, বুধবার সকালে ক্ষেতে গিয়ে টমেটো চুরির  ঘটনাটি তাঁদের চোখে পড়ে। এরপরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা।

কৃষকের স্ত্রী ধারানি জানিয়েছেন, বিনস চাষের পর ক্ষতিগ্রস্ত হওয়ায় লোন নিয়ে টমেটো চাষ শুরু করেন তাঁরা। ২ একর জমিতে টমেটো চাষ করেন দুজনে। সম্প্রতি টমেটোগুলো তুলে বাজারে বিক্রি করার পরিকল্পনা করছিলেন। কারণ বেঙ্গালুরুতে প্রতি কেজি টমেটোর দাম বর্তমানে ১২০টাকার বেশি। কিন্তু তার আগেই সব শেষ।

ধারানি আরও জানিয়েছেন, ৫০ থেকে ৬০ ব্যাগ টমেটো চুরির পাশাপাশি ক্ষেতের সমস্ত গাছ নষ্ট করে দেওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।