পুবের কলম,ওয়েবডেস্কঃ জিনিসপত্রের চড়া দামে নাজেহাল সাধারণ মানুষ। সামান্য ৫০০-১০০০ টাকাও অনেকটা বলভরসা জোগায়। রাজ্য সরকার প্রদত্ত লক্ষ্মীর ভাণ্ডারও সেই ভরসার ‘হাত’। বিপদের সঙ্গী সেই টাকা। সেই টাকায় এবার ইউসুফ পাঠানের হাতে তুলে দিলেন মহিলারা। প্রায় ৫০ জন মহিলা তাঁদের প্রাপ্ত অর্থ তৃণমূল প্রার্থীর হাতে তুলে দিয়েছেন। সেই স্নেহের দান হাতে নিয়েই অবলিলায় ছক্কা হাঁকানো ক্রিকেটার হাজার হাজার সমর্থকদের সামনে প্রায় কেঁদে ফেলেন। তার দেখাদেখি উপস্থিত মহিলাদের চোখেও জল এসে যায়।
মহিলারা তাঁকে জানান প্রচারের জন্য এই টাকা ব্যবহার করতে। টাকার খাম হাতে নিয়ে কান্নাভেজা গলায় মাইক হাতে ইউসুফ পাঠান বলেন, 'উনহোনে জো ইতনা পিয়ার দিখাইয়া... উনকা এহেসান ম্যায় ক্যায়সে চুকা পাউঙ্গা (ওনারা যা ভালোবাসা দেখিয়েছেন, জানি না তাঁদের এই ঋণ শোধ করব কী ভাবে!) শুক্রবার বিকেলে বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডলের নেতৃত্বে রাজধরপাড়া নেতাজি সঙ্ঘের মাঠে ইউসুফ পাঠানের জনসভা ও রোড শোয়ের আয়োজন করা হয়েছিল।আরও পড়ুন:

এদিন আইজুদ্দিন মণ্ডল বলেন, ইউসুফ আসছেন শুনে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আমাকে বলেন, তৃণমূল প্রার্থীর প্রচারে আমরা একমাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে চাই। মহিলাদের স্বতঃস্ফূর্ত ইচ্ছায় আমি বাধা দিইনি। সভা শুরুর দু'ঘন্টা আগে থেকে সবিতা ভাদুড়ি, সুরুবালা দাস, শ্যামলি হাজরা, মর্জিনা বিবি, খালিদা বিবি, সোনাভান খাতুনদের মতো সংসারী মহিলারা রোদ উপেক্ষা করেই ইউসুফের জন্য অপেক্ষা করছিলেন। এই সম্পর্কে হাজিপাড়ার বাসিন্দা মর্জিনা বিবি বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের বারো মাস লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা দিচ্ছেন। আমরা আমাদের প্রার্থীকে একমাসের টাকা দিলাম।
’ এরই মধ্যে জানা গেছে, শেষলগ্নের ভোটপ্রচারে ‘দাদা’ ইউসুফ পাঠানের হয়ে রাজনীতির ময়দানে ব্যাট ও বোলিং করতে চলেছেন ‘ভাই’ ইরফান পাঠান।আরও পড়ুন:
৯ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার বহরমপুরে তৃণমূল প্রার্থীর ইউসুফ পাঠানের হয়ে রোড শো করতে পারেন ভাই ইরফান। এরা দু'জনই ভারতের হয়ে ওয়ার্ল্ড কাপ খেলেছেন। তবে ইরফানের আসা নিয়ে এখনও কিছু জটিলতা রয়েছে, তা কেটে গেলে আগামীকাল ডাবল ‘পাঠান’ ধামাকা দেখতে পাবে বহরমপুরবাসী। আগামীকাল রেজিনগর, বেলডাঙা-সহ বহরমপুর লোকসভার বিভিন্ন এলাকায় রোড-শো করবেন ইরফান। থাকবেন দাদা ইউসুফও।
আরও পড়ুন:
উল্লেখ্য, আগামী ১৩ মে ভোটগ্রহণ বহরমপুরে। ১১ তারিখ শেষ পর্বের প্রচার।
শেষ প্রচারের ৪৮ ঘণ্টা আগে দুই পাঠানকে নিয়ে রোড-শোয়ে প্রচারের ঝড় তুলতে চাইছে তৃণমূল। ইরফান পাঠানের আসার খবরে একদিকে যেমন বহরমপুরের তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা দিয়েছে, তেমনই তাঁকে দেখতে মুখিয়ে রয়েছেন এলাকার ক্রিকেট প্রেমীরাও।আরও পড়ুন:
প্রসঙ্গত, বুধবার দলীয় প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে বহরমপুরে রোড-শো করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিন দুপুর আড়াইটে নাগাদ বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠের অস্থায়ী হ্যালিপ্যাড থেকে নেমেই প্রার্থী ইউসুফ পাঠানকে জড়িয়ে ধরেন অভিষেক। তারপর সেখান থেকেই রোড-শো শুরু করেন তাঁরা। হাইভোল্টেজ বহরমপুর এবার পাখির চোখ তৃণমূলের।
আরও পড়ুন:
নির্বাচনের আঁচ যত বাড়ছে, দেশে একটি মহল বিদ্বেষের বিষ ততই ছড়িয়ে দিচ্ছে। এই আবহে মুসলিম প্রার্থী ইউসুফ পাঠানের প্রতি হিন্দু মা-বোনেদের এহেন ‘ভালবাসায়’ মুহব্বতের পয়গামের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন সবাই।
আরও পড়ুন:
ইউসুফ পাঠান বলেন, যদি আমি এই ভালবাসার প্রতিদান দিতে না পারি তবে আমি 'রব' (সৃষ্টিকর্তার) কাছে কি মুখ দেখাবো।