পুবের কলম ওয়েব ডেস্কঃ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। শনিবার পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখে তিনি স্পষ্ট বার্তা দেন— কোনও ধরনের ভয়ভীতি নয়, প্রত্যেক ভোটারই নিশ্চিন্তে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
আরও পড়ুন:
আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যের ২৯৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে আসায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে মালদহের কালিয়াচক ঘটনার পর প্রশ্ন উঠছে, ভোট কতটা শান্তিপূর্ণ হবে।
এই প্রেক্ষাপটে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুরে পৌঁছে জেলার প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন সিইও।আরও পড়ুন:
প্রায় তিন ঘণ্টার বৈঠকে জেলার সামগ্রিক নির্বাচন প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটগ্রহণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষকদের নিয়েও আলাদা বৈঠক করেন তিনি। বৈঠক শেষে মনোজ আগরওয়াল জানান, জেলায় ৪০ লক্ষেরও বেশি ভোটার রয়েছেন এবং প্রত্যেকের নিরাপদে ভোটদান নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য। তাঁর কথায়, “কোনও ধরনের আতঙ্কের পরিবেশ থাকবে না, সবাই নিজের মতো করে ভোট দিতে পারবেন।
”আরও পড়ুন:
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়েও মুখ খুলেছেন সিইও। তিনি জানান, প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন আবেদনের মধ্যে ইতিমধ্যেই প্রায় ৫৫ লক্ষের নিষ্পত্তি হয়েছে। যেসব নাম বাদ পড়েছে, তা সুপ্রিম কোর্ট-এর নির্দেশ মেনেই করা হয়েছে। পাশাপাশি তিনি আশ্বাস দেন, যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের জন্য শীঘ্রই পুনরায় আবেদন করার সুযোগ চালু করা হবে।
এছাড়াও, পূর্বের নির্বাচনে যেসব এলাকা স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হয়েছিল, সেগুলি নিয়েও পুলিশের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। ওই সব এলাকায় সরেজমিনে পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পরিকল্পনাও নেওয়া হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করতে আগামী দিনে থানাভিত্তিক স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে ধাপে ধাপে পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক।