পুবের কলম,ওয়েবডেস্ক: কমবেশি আমরা সকলেই ‘স্কুল বাস’-এর  কথা শুনেছি। তবে  ‘স্কুল বোট’ এর কথা আমাদের কাছে প্রায় ‘অশ্রুত’ বললেই চলে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এবার অনগ্রসর বা আর্থিকভাবে  পিছিয়ে থাকা আদিবাসী পড়ুয়াদের জন্য নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করল ত্রিপুরা সরকার।

জানা গেছে, গুমাটি জেলার দুম্বুর হ্রদের দ্বীপে বসবাসকারী দরিদ্র শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিনামূল্যে বোট পরিষেবা চালু করেছে ত্রিপুরা স্কুল শিক্ষা দফতর। নির্বিঘ্নে স্কুলে এসে পড়াশোনা করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

প্রশসন সূত্রে খবর, দুম্বুর লেকের দ্বীপে বসবাসকারী দরিদ্র শিশুরা প্রায়শই স্কুলে পৌঁছাতে পারে না। স্কুলের যাত্রাপথে নানাবিধ অসুবিধার সম্মুখীন হয় তাঁরা।
এমনকী নৌকা চড়ে যে আসবে তার ভাড়া দেওয়ার সামর্থ্যও নেই তাঁদের। বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। জলাশয়ের মধ্য দিয়ে শিক্ষার্থীদের স্কুলে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে  পড়ে। তাদের কষ্টের কথা বিবেচনা করে, শনিবার শিক্ষার্থীদের তাদের বাসভবন থেকে স্কুলে বিনামূল্যে নিয়ে যাওয়ার জন্য একটি 'স্কুল বোট' পরিষেবা চালু করা হয়েছে।

উল্লেখ্য, রাজ্যের রাজধানী থেকে ১২০ কিলোমিটার দূরে  ৪৮ টি দ্বীপ দ্বারা বেষ্টিত দুম্বুর  হ্রদ। এই দ্বীপগুলিতে  বসবাসকারী মানুষের আয়ের প্রধান উৎস হল মাছ ধরা। মোট ১০০ জন  পড়ুয়া নিয়ে চলে ডাকমুরা গুমতি সিনিয়র বেসিক স্কুল। কিন্তু যোগাযোগের বাধার কারণে উপস্থিতি ভীষণই কম। প্রায় ৫০ জন শিক্ষার্থী দুম্বুর লেকের বিভিন্ন  দ্বীপ থেকে আসে। আর নানা কারণে তাঁরা প্রায়শই স্কুলে আসতে পারে না।