পুবের কলম ওয়েব ডেস্কঃ আর কয়েক ঘণ্টা পর প্রথম দফার নির্বাচন। ভোট হবে ১৫২ টি কেন্দ্রে। নির্বাচন ঘিরে ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। এবার ইভিএম নিয়ে বিজ্ঞপ্তি জারি করল ইলেকশন কমিশন। বিশেষ করে কী কারণে ইভিএম বাতিল হতে পারে?

সেবিষয়ে স্পষ্ট জানানো হয়েছে নির্দেশিকায়। 

কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ভোট শুরু হওয়ার আগে এবং ভোট শুরুর পরে ভালো খতিয়ে দেখতে হবে ইভিএম। সেক্ষেত্রে ইভিএমে সন্দেহজনক কিছু লেগে আছে কি না, ইভিএম ইউনিট ঠিক আছে কি না তা ভালো করে খতিয়ে দেখতে হবে। এছাড়াও, কোন কোন ক্ষেত্রে ইভিএম বাতিল হতে পারে সেবিষয়টিও স্পষ্ট করে দিয়েছে কমিশন। বিজ্ঞপ্তি অনুযায়ী, যদি প্রার্থীদের নামের পাশে ইভিএমের বোতামে সন্দেহজনক কিছু থাকে যেমন- আঠা, কালি, অন্য কোনও রাসাইনিক বা পারফিউম যদি লেগে থাকে বা সন্দেহজনক কিছু থাকে তাহলে সেক্ষেত্রে ইভিএম বাতিল হতে পারে।

কেন? সে ব্যাখ্যাও দিয়েছে কমিশন। তাদের মতে, সেক্ষেত্রে ভোট ট্যাম্পারিং বা কারচুপি করা হতে পারে। ফলে ইভিএম বাতিল হলে স্বভাবিকভাবেই ভোটও বাতিল হবে সংশ্লিষ্ট বুথে। সেক্ষেত্রে, ওই বুথে পুনর্নির্বাচন হতে পারে বলেও কমিশনের তরফে জানানো হয়েছে।
 

প্রত্যেক প্রিসাইডিং অফিসারকে ইভিএমের ওপর নজরদারি ও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, যদি কোনও অসঙ্গতি ইভিএমে পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে তা রিটার্নিং অফিসার কিংবা সেক্টর অফিসারকে জানাতে হবে। সেই মতো তারা সিদ্ধান্ত নেবেন। উল্লেখ্য, নির্বাচন কমিশন একাধিক বিধি নিষেধ জারি করেছে। বাইক নিয়ে বিধি নিষেধের পাশাপাশি দিঘা, মন্দারমণি, তাজপুর প্রভৃতি পর্যটন কেন্দ্রে ঘুরতে যাওয়ার ওপরেও ভোটকে নিশেধাজ্ঞা জারি করেছে। এছাড়াও প্রার্থীদের ওপর থাকছে কিছু বিধি নিষেধ।