পুবের কলম, ওয়েবডেস্ক: বড়সড় রদবদল। কলেজিয়াম ও কেন্দ্র সরকারের সংঘাতের আবহে ২০২৪-এর নির্বাচনকে সামনে রেখে বড় পদক্ষেপ নিলেন মোদি সরকার। কেন্দ্রীয় আইন মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হল কিরেন রিজিজুকে। তাঁকে ভূ-বিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। কিরেন রিজিজুর জায়গায় স্থলাভিষিক্ত হবেন অর্জুন রাম মেঘওয়াল। আইন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হয়েছে রাজস্থানের বিজেপি সাংসদ অর্জুন রাম মেঘওয়ালকে। রাষ্ট্রপতি ভবন থেকে এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।
আরও পড়ুন:
কিরেন রিজিজু কেন্দ্রীয় আইন মন্ত্রী থাকাকালীন ক্রমাগত তিনি সুপ্রিম কোর্টের 'কলেজিয়াম ব্যবস্থার স্বচ্ছতা’ থেকে 'সমলিঙ্গে বিয়ের আইনি স্বীকৃতি' সংক্রান্ত মামলায় সরব হয়েছিলেন। এর ফলে শীর্ষ আদালত ও সরকারের মধ্যে সংঘাত চরমে ওঠে। এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে শুরু করে। রিজিজুকে কেন্দ্রীয় আইন মন্ত্রীর পদ থেকে অপসারণ এর একটি অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই সুপ্রিম কোর্টের কলেজিয়াম নিয়ে নিয়মিত বিতর্কিত মন্তব্য করে চলেছিলেন কিরেণ রিজিজু। কিছুদিন আগে প্রধান বিচারপতিকে চিঠি লিখে তিনি দাবি করেছিলেন, বিচারপতিদের নাম সুপারিশ করার অধিকার কলেজিয়ামের থেকে কেড়ে নিয়ে দেওয়া উচিত কেন্দ্র সরকারকে। সেই সঙ্গে তিনি বলেন, ১৯৪৭ সালের পর আইনের একাধিক পরিবর্তন করা হয়েছে।
কারণ একই নিয়ম চিরকাল ধরে চলতে পারে না। একটা সময়ের পর তা বদলাতে হয়। অর্থাৎ তিনি যে কলেজিয়াম তুলে দেওয়ার পক্ষে সেই কথাই রিজিজু পরোক্ষভাবে বলেছিলেন। আইনমন্ত্রীর এই অবস্থানে আবার প্রবল আপত্তি ছিল সুপ্রিম কোর্টের কলেজিয়ামের। খোদ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়েরও কটাক্ষের মুখে পড়তে হয়েছে রিজিজুকে। এক কথায়, কলেজিয়াম নিয়ে সরাসরি কেন্দ্র এবং বিচারব্যবস্থার মধ্যে একটি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই বিতর্কে আবার যোগ দিয়েছিল বিরোধী শিবির। কলেজিয়াম বাতিলের উদ্যোগকে ‘অসাংবিধানিক’ এবং ‘একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা’ বলে সরব হয় তারা।প্রকাশ্যে বিচারব্যবস্থার সঙ্গে কেন্দ্রের এই সংঘাত জনমানসে বিরুদ্ধ প্রভাব ফেলছিল। সেই পরিস্থিতির আঁচ করতে পেরেই ২০২৪ লোকসভা নির্বাচনের আগে রিজিজুকে সরিয়ে দিলেন মোদি সরকার।
আরও পড়ুন:
সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের কাছে এখন আইন মন্ত্রকের স্বাধীন দায়িত্ব থাকবে। সাম্প্রতিক ইতিহাসে এই প্রথম আইনমন্ত্রী ক্যাবিনেট পদমর্যাদার নন। এসপি সিং বাঘেল, যিনি আইন মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন তিনি নতুন জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী হবেন। ২০২১ সালের ৭ জুলাই কেন্দ্রীয় আইনমন্ত্রীর পদে বসেন অরুণাচলের নেতা কিরেন রিজিজু। রবিশঙ্কর প্রসাদের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।
আরও পড়ুন: