যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাতে তাঁর দেশ কোনোভাবেই জড়াবে না। তিনি জোর দিয়ে বলেন, ব্রিটিশ বাহিনী ইরানের ভূখণ্ডে প্রবেশ করবে না এবং সরাসরি যুদ্ধেও অংশ নেবে না।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে ব্রিটিশ সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্টারমার বলেন, “এই যুদ্ধ আমাদের নয়, আমরা এতে জড়াবো না।” তাঁর এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, লন্ডন সরাসরি সামরিক সম্পৃক্ততা এড়িয়ে চলতে চায়।
তবে একই সঙ্গে তিনি জানান, যুক্তরাজ্য পরিস্থিতি মোকাবিলায় ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ গ্রহণ করছে।

এর লক্ষ্য হচ্ছে—বিদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, দেশের স্বার্থ রক্ষা করা এবং আঞ্চলিক মিত্রদের সুরক্ষা জোরদার করা।
স্টারমার আরও বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়েও যুক্তরাজ্য আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হবে। তবে এই উদ্যোগ সামরিক হস্তক্ষেপের মাধ্যমে নয়, বরং কূটনৈতিক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপের মধ্য দিয়েই এগিয়ে নেওয়া হবে।

সবশেষে তিনি আবারও স্পষ্ট করে দেন, “আমাদের কোনোভাবেই এই যুদ্ধে জড়িয়ে পড়া যাবে না।” তার এই অবস্থান থেকে বোঝা যাচ্ছে, যুক্তরাজ্য সরাসরি সংঘাত এড়িয়ে কৌশলগত ও কূটনৈতিক পথে পরিস্থিতি সামাল দিতে চায়।