পুবের কলম,ওয়েবডেস্ক: মহার্ঘ হয়েছে টমেটো। দিন দুপুরে চলছে লুট। বিভিন্ন জায়গা থেকে চুরির খবরও এসেছিল প্রকাশ্যে। ফলে গ্রাহকদের সঙ্গে অনভিপ্রেত ঘটনা এড়াতে দুই বাউন্সারকে নিয়োগ করেছিলেন অজয় ফৌজি নামে এক সবজি বিক্রেতা। খবরটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই তার বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।
ঘটনার পর থেকে পলাতক রয়েছে সে।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গেছে, যে’ই দোকানে সবজি  কিনতে আসছে তাঁদের দূর থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাঁদের বলা হচ্ছে টমেটো কিনতে গেলে আগে টাকা দিতে হবে তারপর সবজি পাবেন তারা। আর এহেন কাণ্ড দেখে এক পুলিশ আধিকারিক স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে উক্ত সবজি বিক্রেতার গ্রেফতারির পরোয়ানা জারি করে ইউপি পুলিশ।
তারপর ওই দোকানে তল্লাশি চালায় পুলিশ। অভিযান চালিয়ে অজয় ফৌজিকে না পেয়ে তাঁর দোকানে কর্মরত দুই কর্মচারীকে গ্রেফতার করে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অজয় ফৌজি।

জানা গেছে, বাউন্সার নিয়োগ করা সবজির দোকানের মালিক অজয় ফৌজি সমাজবাদী পার্টির একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।  অজয়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।