তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অভিনেতা-রাজনীতিক সি. জোসেফ বিজয়। রবিবার সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়াম-এ আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার।
আরও পড়ুন:
তামিলগা ভেট্রি কাজাগাম প্রধান বিজয় তামিলনাড়ুর ১৪তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক।
নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও টিভিকে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
আরও পড়ুন:
শপথ অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাই পৌঁছেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। বিজয়ের শপথকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ দেখা যায়।
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই একাধিক গুরুত্বপূর্ণ ফাইলে সই করেন বিজয়। প্রথম সিদ্ধান্ত হিসেবে তিনি রাজ্যে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা চালুর নির্দেশে সই করেন। পাশাপাশি বিশেষ নিরাপত্তা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত আরও দুটি গুরুত্বপূর্ণ নথিতেও অনুমোদন দেন তিনি।
আরও পড়ুন:
বিজয়ের সঙ্গে এদিন ৯ জন মন্ত্রীও শপথ নেন। সূত্রের খবর, আগামী দিনে মন্ত্রিসভা আরও সম্প্রসারিত হতে পারে।
শপথের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাজমাধ্যমে শুভেচ্ছাবার্তা দিয়ে লেখেন, “তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় থিরু সি. জোসেফ বিজয়কে অভিনন্দন। জনগণের উন্নয়নে কেন্দ্র সরকার তামিলনাড়ুর সঙ্গে কাজ করবে।”
আরও পড়ুন:
এদিকে ছেলের শপথগ্রহণকে “স্বপ্নপূরণ” বলে উল্লেখ করেছেন বিজয়ের মা শোভা চন্দ্রশেখর। তিনি বলেন, “বিজয়ের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। ও ভালভাবেই রাজ্যকে নেতৃত্ব দেবে।”