পুবের কলম,ওয়েবডেস্ক: ইসলামিক ও জাতীয় মূল্যবোধ লঙ্ঘনের জন্য দুটি আফগান টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। তালিবান সরকারের একজন মুখপাত্র বৃহস্পতিবার এ কথা বলেছেন। তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের মুখপাত্র খুবাইব গুফরান বলেছেন, সাংবাদিক নীতিমালা মেনে চলতে ব্যর্থতার জন্য মঙ্গলবার ‘বারিয়া’ ও ‘নূর’ টিভি চ্যানেল দুটি বন্ধ করা হয়েছে।
তিনি আরো বলেন, তাদের চ্যানেলে এমন অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছিল, যা জনসাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। চ্যানেল মালিকরা তালিবান সরকারের বিরোধী হিসেবে অবস্থান নিয়েছে।আরও পড়ুন:
আফগানিস্তান জার্নালিস্ট সেন্টার (এএফজেসি) এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানের গণমাধ্যম কমিশন তালিবান সরকার সম্পর্কে একসময়ের ক্ষমতাধর যুদ্ধবাজ ও সাবেক প্রধানমন্ত্রী গুলবুদ্দিন হেকমতিয়ারের মন্তব্য সম্প্রচারের জন্য বারবার ‘বারিয়া’কে সতর্ক করেছে। এ ছাড়া সংগীত সম্প্রচার এবং নারী উপস্থাপকদের অনাবৃত মুখ দেখানোর জন্য ‘নূর’ চ্যানেলও সতর্কতা পেয়েছিল।